বেআইনি অভিবাসনের সমস্যা ক্রমেই প্রকট হয়ে উঠছে। বিভিন্ন শহরে সন্দেহভাজন শ্রমিকদের পরিচয় যাচাই করে বিশেষত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলছে।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 15 August 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: অনুপ্রবেশ (Illegal Immigrants) ইস্যু নিয়ে বর্তমানে গোটা দেশ তোলপাড়। বহু বাংলাদেশি (Bangladeshi) এবং রোহিঙ্গা (Rohingya) দেশে ঢুকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে বলেই দাবি করে বিজেপি। এই ইস্যুতে বিশেষভাবে 'টার্গেট' করা হয় পশ্চিমবঙ্গকে। ৭৯ তম স্বাধীনতার দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) এই বিষয়টিতে ফের একবার আলোকপাত করলেন।
দেশকে অনুপ্রবেশের বিপদ থেকে রক্ষা করতে এক নতুন ‘জনসংখ্যা মিশন’ (Demography Mission) ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সতর্ক করে বলেন, 'এক পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশের জনসংখ্যার গঠন বদলানোর চেষ্টা চলছে, যা শেষ পর্যন্ত ভয়ঙ্কর সংকট ডেকে আনতে পারে।'
এই প্রসঙ্গেই মোদীর বক্তব্য, “দেশবাসীকে আমি একটি বড় উদ্বেগের কথা জানাতে চাই। ষড়যন্ত্র করে দেশের ডেমোগ্রাফি বদলানো হচ্ছে। এর ফলে আমাদের যুবকদের রুজি-রোজগার কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের বোন-মেয়েদের নিশানা বানানো হচ্ছে, জনজাতিদের ভুল পথে চালিত করে তাদের জমি দখল করা হচ্ছে। এ সব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।”
বেআইনি অভিবাসনের সমস্যা ক্রমেই প্রকট হয়ে উঠছে। বিভিন্ন শহরে সন্দেহভাজন শ্রমিকদের পরিচয় যাচাই করে বিশেষত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলছে। সেই পরিপ্রেক্ষিতেই এদিনের বার্তায় প্রধানমন্ত্রী সরাসরি ইঙ্গিত দেন সীমান্তবর্তী রাজ্যগুলি বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অভিযোগ করে আসছে যে, বাংলা ভাষাভাষী ভারতীয়দেরও বেআইনি বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী সাফ কথা, “সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যার গঠন বদলে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এটা সংঘাতের বীজ বুনে দেয়। কোনও দেশ অনুপ্রবেশকারীদের সামনে মাথা নোয়ায় না, আমরাও নোয়াব না। তাই আজ আমি ঘোষণা করছি - একটি উচ্চক্ষমতাসম্পন্ন জনসংখ্যা মিশন শুরু করা হবে, যা দেশের ওপর আসা এই বিপদ মোকাবিলা করবে।”
অনেকে মনে করছেন, এই মন্তব্যে করে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে সামনে এনে প্রধানমন্ত্রী কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আক্রমণকে চাপা দেওয়ার চেষ্টা করলেন।