
শেষ আপডেট: 4 December 2023 10:32
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি বলয়ের ৩ রাজ্যে বিজেপির জয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রথমসারির বিদেশি মিডিয়া। বেশিরভাগ প্রতিবেদনেই পদ্ম শিবিরের জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, মোদীর জনপ্রিয়তা অটুট। তারই প্রতিফলন দেখা গিয়েছে ইভিএমে।
কয়েকটি বিদেশি মিডিয়া বিধানসভা ভোটের সাফল্যকে লোকসভা নির্বাচনের ফলাফলের ইঙ্গিত বলে উল্লেখ করেছে। হিন্দি বলয়ের কংগ্রেসের হারকে গান্ধী পরিবারের জন্য বড় ধাক্কা বলেছে কিছু সংবাদ মাধ্যম। তারা বলেছে, বিজেপিতে মোদী, কংগ্রেসে রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা ছিলেন মুখ। মোদী জিতেছেন। পরাজিত গান্ধীরা।
রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দাবি করেন, বিধানসভার সাফল্য লোকসভা ভোটের ফলের আভাস। কেন্দ্রীয় সরকারে তাঁর সরকারের হ্যাট্রিকের গ্যারান্টি। দেখা যাচ্ছে, অনেক বিদেশি মিডিয়ারও সেটাই মত।
ভারতের চার রাজ্যের বিধানসভার ফল নিয়ে বড় প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন সংবাদপত্রটির বক্তব্য, তিন রাজ্যের জয় বিজেপিকে লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ে অনেকটা এগিয়ে দিল।
তারা আরও লিখেছে, নরেন্দ্র মোদী একদিকে হিন্দুদের আস্থা ভরসার প্রতীক, অন্যদিকে দেশের অস্থির আর্থিক অবস্থার মধ্যেও গরিবের কল্যাণে অনেক অনুদানের ব্যবস্থা করেছেন। তিনি গোটা দেশেই জনপ্রিয়। অলিগলিতেও বিজেপির সমর্থকেরা তাঁর ছবি হাতে নিয়ে প্রচার করেন।
ব্লুমবার্গ লিখেছে, বিধানসভার এই নির্বাচন ছিল লোকসভা ভোটের মহড়া। তাতে বিজেপি ও নরেন্দ্র মোদী অনেকটা এগিয়ে গেলেন। কংগ্রেস বেকারি, মূল্যবৃদ্ধি, জাত সমীক্ষার মতো বিষয় তুলে ধরে লোকসভা ভোটের এজেন্ডা তৈরি করতে চেয়েছিল। কিন্তু পারেনি।
আর্থিক বিশেষজ্ঞ সুস্মিতা দেবেশ্বরকে উদ্বৃত করে ব্লুমবার্গ আরও লিখেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত জনপ্রিয়। বিধানসভার ফলেই লোকসভা নির্বাচনের প্রবণতা তৈরি করে দিল। তিনি আরও বলেছেন, বিজেপি খারাপ ফল করলে বিরোধীরা হয়তো পালে হওয়া পেত। কিন্তু ফল বলছে মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত।
সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, এক দশক ক্ষমতায় থাকার পরও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অতুলনীয়। তাঁকে মোকাবিলায় বিরোধীদের ২৮টি দল মিলে ইন্ডিয়া জোট গড়েছে। কিন্তু নিজেদের গোলমালে তারা এই নির্বাচনে ব্যর্থ হল।
আর এক সংবাদ সংস্থা এএফপি সরাসরি বিধানসভার ফলকে গান্ধী পরিবারের জন্য বিপর্যয়কর বলেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মোদীকে মোকাবিলায় নেমেছিলেন রাহুল গান্ধী। তিনি ব্যক্তিগত আক্রমণও করেছেন মোদীকে। কিন্তু কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে।
লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, যদিও রাজ্যের ভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের সরাসরি কোনও সম্পর্ক নেই, তবু বিধানসভার ফল কংগ্রেসের জন্য বড় বিপর্যয়, যারা বহু দশক ভারত শাসন করেছে এবং ২০১৪ তে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বিপাকে পড়েছে।