সম্প্রতি প্রকাশিত জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর (NCRB) ক্রাইম ইন ইন্ডিয়া ২০২৩ (Crime in India 2023)-এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

আদালতে নারী নির্যাতনের বকেয়া মামলার পরিমাণ ২৩,০৩,৬৫৭টি অথবা ৯০.৮ শতাংশ।
শেষ আপডেট: 3 October 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা খুব সামান্য কমলেও অ্যাসিড আক্রান্তের ঘটনায় এ রাজ্য দেশের শীর্ষে রয়েছে। সম্প্রতি প্রকাশিত জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর (NCRB) ক্রাইম ইন ইন্ডিয়া ২০২৩ (Crime in India 2023)-এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। ২০২৩ সালে দেশে ২০৭টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ঘটেছে ৫৭টি হামলা। তথ্য অনুসারে দেশে সর্বমোট অ্যাসিড আক্রান্তের ঘটনার ২৭.৫ শতাংশই ঘটেছে এ রাজ্যে। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত গোটা দেশেই অ্যাসিড আক্রান্তের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে।
তথ্যে প্রকাশ, ২০২২ সালে দেশে ২০২ এবং ২০২১ সালে ১৭৬টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছিল দেশে। অ্যাসিড হামলায় রাজ্যের পরেই রয়েছে উত্তরপ্রদেশ (৩১), গুজরাত (১৫), রাজস্থান ও ওড়িশা (১১), হরিয়ানা, কেরল ও অসম (১০) এবং রাজধানী দিল্লিতে ৭টি অ্যাসিড হামলা ঘটে। এনসিআরবি-র তথ্য বলছে, অ্যাসিড হামলার ঘটনায় ২৬৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে ২৪৬ জন পুরুষ ও ২১ জন মহিলা ও পাঁচজন নাবালক রয়েছে।
অন্যদিকে, জোরজবরদস্তি বিয়ে করতে বাধ্য করতে মহিলা অপহরণে শীর্ষ দিকে রয়েছে উত্তরপ্রদেশ ও বিহার। দেশেই এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালে এই ধরনের ২৮,০১২টি ঘটনা ঘটেছিল। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০,৪৯৬টি। উত্তরপ্রদেশ (১০,৬৭৫) ও বিহার (৯,৪৮৬) এই তালিকায় শীর্ষে রয়েছে। মধ্যপ্রদেশ রয়েছে ঠিক তার পরেই (১,৬৭৫), রাজস্থান (১,৬২৪), পাঞ্জাব (১,৪১৩) ও অসম (১,৩৮৯)।
শহরগুলির মধ্যে একেবারে প্রথমে রয়েছে লখনউ (৪২৯), কানপুর (২৬৪), পাটনা (২৫০)। মোট অপহরণ করে বিয়ের ঘটনার মধ্যে মাত্র ৬,২৪৫টি সত্য বলে প্রমাণিত হয়েছে। বাকিগুলি প্রমাণের অভাবে খারিজ হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে ইমপ্যাক্ট অ্যান্ড ডায়ালগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পল্লবী ঘোষ বলেন, এনসিআরবি-র সংখ্যাগুলি আগের তুলনায় বাড়লেও, এগুলিও প্রকৃত চিত্র নয়। বাস্তব পরিস্থিতি আরও ভিন্ন। এই তথ্য সেই কথাই বলে যা পুলিশের খাতায় লিপিবদ্ধ হয়েছে। বেশিরভাগ নারী নির্যাতনের ঘটনার তো পুলিশেই অভিযোগ হয় না। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক এই যে, অধিকাংশ নারী পাচারের ঘটনাকে নিখোঁজ ডায়েরি করে ছেড়ে দেওয়া হয়।
২০২৩ সালে সর্বমোট ৪.৫ লক্ষ অপরাধমূলক ঘটনা ঘটেছে নারী সমাজের বিরুদ্ধে। নারী নির্যাতনের জাতীয় অপরাধ হার প্রতি লক্ষ মহিলা জনসংখ্যার ৬৬.২। নারীঘটিত অপরাধের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ (৬৬,৩৮১), মহারাষ্ট্র (৪৭,১০১), রাজস্থান (৪৫,৪৫০), পশ্চিমবঙ্গ (৩৪,৬৯১) ও মধ্যপ্রদেশ (৩২,৩৪২)। প্রতি লক্ষ মহিলা জনসংখ্যায় মহিলাঘটিত অপরাধের হারে শীর্ষে রয়েছে তেলঙ্গানা (১২৪.৯), রাজস্থান (১১৪.৮), ওড়িশা (১১২.৪), হরিয়ানা (১১০.৩) এবং কেরল (৮৬.১)। আদালতে নারী নির্যাতনের বকেয়া মামলার পরিমাণ ২৩,০৩,৬৫৭টি অথবা ৯০.৮ শতাংশ।