'গগনযান' অভিযান হল ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান। ২০১৮ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম এই অভিযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা ছিল ২০২২ সালেই এই অভিযান হবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 October 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: ইসরো (ISRO) প্রথমে ভেবেছিল ২০২৫ সালে ‘গগনযান’ অভিযান (Gaganyaan) করতে পারবে। কিন্তু তেমনটা না হলেও অভিযানের ট্রায়াল দিতে চলেছে তারা। আর ‘গগনযান’ মিশনের আগে পরীক্ষামূলক এই অভিযানে পাঠানো হবে এক রোবটকে (Robot)! সেই প্রেক্ষিতে বলা যায়, নতুন ইতিহাস গড়তে চলেছে ভারতীয় মহাকাশ সংস্থা।
দেশের প্রথম মানবাকৃতি রোবট ‘ব্যোমমিত্রা’কে (Vyommitra) পাঠানো হবে ‘গগনযান’-এর আগের ট্রায়াল অভিযানে (Trial Mission)। এই মিশনের মাধ্যমে মহাকাশযানের সুরক্ষা ও পরিবেশ যাচাইয়ের দায়িত্বে থাকবে রোবটটি। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ভারত নিজস্ব রকেটে একজন মানুষকে পৃথিবীর কক্ষপথে পাঠাবে। তার আগে এই অভিযান যে ভীষণ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।
‘ব্যোমমিত্রা’ নামের অর্থ ‘মহাকাশের বন্ধু’। সংস্কৃত শব্দ ‘ব্যোম’ মানে মহাকাশ এবং ‘মিত্র’ মানে বন্ধু। ২০২০ সালের শুরুতে প্রথমবার ‘ব্যোমমিত্রা’কে সামনে আনে ইসরো। মানুষের মতো মুখভঙ্গি, কণ্ঠ ও বুদ্ধি সম্পন্ন এই রোবট তৈরি হয়েছে ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান ‘গগনযান’-এর জন্য।
ইসরোর বিজ্ঞানীদের দাবি, ‘ব্যোমমিত্রা’ কোনও সাধারণ টেস্ট ডামি রোবট নয়। এটি আধুনিক সেন্সর (Censor), ভয়েস রিকগনিশন সিস্টেম (VRS) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা চালিত একটি সেমি-হিউম্যানয়েড রোবট। এর মূল কাজ হবে মহাকাশে মানুষের মতো আচরণ করে মহাকাশযানের যন্ত্রপাতি ও সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা।
‘গগনযান’ প্রকল্পের আগের এই ট্রায়াল অভিযানে এই রোবটের কাজ হবে -
কন্ট্রোল প্যানেল নিয়ন্ত্রণ করে পৃথিবীর স্টেশনের সঙ্গে যোগাযোগ রাখা
কেবিনের তাপমাত্রা, আর্দ্রতা ও অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করা
যন্ত্রপাতির সুইচ ও সিস্টেম পরীক্ষা করা
লাইভ স্ট্যাটাস রিপোর্ট দেওয়া
শরীরের প্রতিক্রিয়া অনুকরণ করে মানবীয় উপস্থিতির প্রভাব যাচাই করা
কীভাবে কাজ করে 'ব্যোমমিত্রা'
রোবটটি মানুষের মতো কথাবার্তা ও অঙ্গভঙ্গি করতে পারে। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই নির্দেশ বুঝে সাড়া দেয়। চোখে থাকা সেন্সর ও ভিশন প্রযুক্তি দিয়ে যন্ত্রপাতি চিনে নিতে পারে এবং নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। এর কৃত্রিম বুদ্ধিমত্তা মডিউল তাকে কিছু সিদ্ধান্ত নিতে সক্ষম করে, যা ভবিষ্যতের দীর্ঘ মহাকাশ অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
ভবিষ্যতের লক্ষ্য
ইসরো প্রধান ভি. নারায়ণন জানিয়েছেন, ডিসেম্বরে প্রথম মানববিহীন মিশনে 'ব্যোমমিত্রা'কে পাঠানো হবে। এর সফলতার পর আগামী বছর আরও দুটি মানববিহীন মিশন সম্পন্ন হবে। এরপর ২০২৭ সালের প্রথমার্ধে ভারতীয় মহাকাশচারীদের পাঠানোর পরিকল্পনা রয়েছে।
'গগনযান' অভিযান হল ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান। ২০১৮ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম এই অভিযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা ছিল ২০২২ সালেই এই অভিযান হবে। কিন্তু নিরাপত্তার কারণে তা পিছিয়ে ২০২৪ করা হয়। কিন্তু সেই অভিযানও পিছিয়েছে। আপাতত মনে করা হচ্ছে, ২০২৭ সালে এই অভিযান করবে ইসরো।