পুলিশ তদন্ত চালাচ্ছে, এই চক্রে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা চলছে।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 29 June 2025 12:28
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে ফাঁদ পাতলেন এক মহিলা। প্রেমের অভিনয়, ভুয়ো বিয়ের নাটক, সবই ছিল একটিমাত্র লক্ষ্যকে কেন্দ্র করে, ১৮ বিঘা জমি দখল। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিয়ে করা 'বর'-কে খুন করে দেহ ছুঁড়ে ফেলা দেন নিকটবর্তী নর্দমায়। উত্তরপ্রদেশের কুশিনগরে এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত ও দুই সহযোগী।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইন্দ্র কুমার তিওয়ারি (৪৫), মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা। ৬ জুন তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় হাটা এলাকার একটি নর্দমা থেকে। গলায় ও বুকে ছুরির আঘাত ছিল। প্রথমদিকে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। পরে জবলপুরের নিখোঁজ ডায়েরির সূত্র ধরে মৃতের নাম জানা যায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এক মহিলা সোশ্যাল মিডিয়ায় ছদ্মনামে ‘খুশি তিওয়ারি’ পরিচয়ে ইন্দ্রর সঙ্গে যোগাযোগ করেন। ওই মহিলার আসল নাম সাহিবা বানো। এক রিলে ইন্দ্র কুমার জানিয়েছিলেন, তিনি আজও অবিবাহিত এবং ১৮ বিঘা জমির মালিক। সেই ভিডিও দেখে সাহিবা জমি দখলের ছক কষা শুরু করেন।
ভুয়ো আধার কার্ড বানিয়ে তিনি ‘তিওয়ারি’ পদবি ধারণ করে ইন্দ্রর সঙ্গে পরিচয় বাড়ান। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। সাহিবার প্রেমে পড়ে ইন্দ্র গোরখপুরে চলে যান। সেখানে তাঁদের বিয়ে হয়। যার কয়েক ঘণ্টার মধ্যেই খুন করা হয়। সাহিবা ও তাঁর সহযোগীরা দেহ ছুড়ে ফেলে দেন নর্দমায়।
পুলিশ জানিয়েছে, সাহিবার উদ্দেশ্য ছিল বিয়ের ছবি ও নথি ব্যবহার করে নিজেকে ইন্দ্রর বৈধ স্ত্রী প্রমাণ করে জমির মালিকানা দাবি করা। এই অপরাধে সাহিবা ছাড়াও ধরা পড়েছে কুশল নামে এক যুবক, যাকেও একইভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফাঁসানো হয়েছিল। কুশলকে জমি বিক্রির টাকায় ভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাহায্য চাওয়া হয়।
পুলিশ তদন্ত চালাচ্ছে, এই চক্রে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা চলছে।