২০২৪ সালের ৭ জুন। ঠিক এক বছর আগে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই থেকে এক বছরের মধ্যেই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের চিত্র ভয়াবহ রূপ নিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 29 June 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের ৭ জুন। ঠিক এক বছর আগে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই থেকে এক বছরের মধ্যেই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের চিত্র ভয়াবহ রূপ নিয়েছে। মুসলিম, খ্রিস্টান, দলিত, আদিবাসী—কেউই রেহাই পাননি। একাধিক বিজেপি শাসিত রাজ্যে শাসক দলের নেতা-মন্ত্রীর বিদ্বেষমূলক ভাষণ এবং আচরণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (APCR) প্রকাশ করেছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট—‘হেট ক্রাইম রিপোর্ট: ম্যাপিং ফার্স্ট ইয়ার অব মোদী’জ থার্ড গভর্নমেন্ট’। তাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। গত এক বছরে দেশে ঘটেছে ৯৪৭টি বিদ্বেষমূলক অপরাধ, যার মধ্যে রয়েছে ৩৪৫টি হেট স্পিচ, এবং সরাসরি আক্রমণের ঘটনা ৬০০-রও বেশি। প্রাণ হারিয়েছেন ২৫ জন মুসলিম নাগরিক।
সাম্প্রতিক বছরগুলোর মতোই, এবারও হেট ক্রাইমের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। তারপর যথাক্রমে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ—সবই বিজেপি শাসিত রাজ্য। শুধু মুসলিম নয়, লক্ষ্যে পড়েছেন দলিত, খ্রিস্টান, আদিবাসীরাও।
এই এক বছরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, রাজ্যপাল এমনকি বিচারপতির নামও উঠে এসেছে হেট স্পিচের তালিকায়। রিপোর্ট অনুযায়ী, বিজেপি নেতাদের বিরুদ্ধে ১৭৮টি অভিযোগ, যার মধ্যে ৫টি সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীদের নাম রয়েছে ৬৩টি বিদ্বেষপূর্ণ মন্তব্যের ঘটনার সঙ্গে যুক্ত। সবচেয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা—“আমি মুসলিমদের বিপক্ষেই থাকব।”
হেট ক্রাইম বৃদ্ধির একটি বড় সময়কাল ধরা পড়েছে গত বছরের অক্টোবর থেকে এই বছরের এপ্রিল—উৎসবের মরশুম। শুধুমাত্র অক্টোবর মাসেই ঘটেছে ৮০টি বিদ্বেষজনিত হামলার ঘটনা। মধ্যপ্রদেশের পান্না, মহারাষ্ট্রের থানে, উত্তরপ্রদেশের বাঘপত—প্রত্যেকটি জায়গায় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হামলা চালানো হয়েছে।
আরেকটি গভীর উদ্বেগজনক তথ্য—এই ৯৪৭টি ঘটনার মধ্যে মাত্র ১৩ শতাংশে এফআইআর দায়ের হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের ভূমিকায় দেখা গেছে নির্লিপ্ততা বা পক্ষপাতদুষ্টতা। বহু জায়গায় পুলিশ অভিযুক্তদের রক্ষা করেছে বলে অভিযোগ উঠেছে।