দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অন্তিম লড়াইয়ে নামার আগে অনুভূতি কেমন ছিল? রোহিতের কথায় ফুটে ওঠে উৎকণ্ঠা ও উত্তেজনা।

রোহিত শর্মা
শেষ আপডেট: 29 June 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগের কথা। আজকের দিন, ২৯ জুন, বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। চলতি বছর টেস্ট ক্রিকেটকে অবসর জানিয়েছেন। যে বিদায় অনেকের চোখে অপ্রত্যাশিত, অনেকের কাছে বিতর্কিত।
লাল বলের ক্রিকেটে কোণঠাসা অবস্থায় থেকে বিদায় নিলেও টি-২০-কে মাথা উঁচু করেই আলবিদা জানান রোহিত। বিশ্বকাপ জিতেছিল ভারত। কেটেছিল ১১ বছর কোনও আইসিসি টুর্নামেন্ট না জেতার খরা। টুর্নামেন্টে ছন্দে ছিলেন অধিনায়কও। ফলে সবমিলিয়ে চব্বিশের বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়া ও রোহিত শর্মার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সেই সাফল্যের বর্ষপূর্তিতে পুরনো মুহূর্ত ফিরে দেখলেন মুম্বইকর। জিওহটস্টারের একটি বিশেষ অনুষ্ঠানে কাপ জেতার স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ‘১৩ বছর দীর্ঘ সময়। অনেক ক্রিকেটারের ১৩ বছরের কেরিয়ার পর্যন্ত হয় না! আমায় আরেকটা বিশ্বকাপ জিততে অতদিন অপেক্ষা করতে হয়েছে। শেষবার ২০০৭ সালে জিতেছিলাম।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অন্তিম লড়াইয়ে নামার আগে অনুভূতি কেমন ছিল? রোহিতের কথায় ফুটে ওঠে উৎকণ্ঠা ও উত্তেজনা। বলেন, ‘আমার কাছে এর চাইতে বড় কিছু হতে পারে না। সারারাত ঘুম আসেনি। শুধুই বিশ্বকাপ নিয়ে ভাবছিলাম। নার্ভাস ছিলাম। পা নিঃসাড় হয়ে গিয়েছিল। চাপ অনুভব করেছিলাম? অবশ্যই! সেটা প্রকাশ করিনি। যদিও ভেতর ভেতর অনেক কিছু জমেছিল!’
আর ঠিক ম্যাচের দিন সকালের অনুভব? ‘আমাদের বেরোতে হত সকাল সাড়ে আটটা কি ন’টায়। কিন্তু আমি সাতটায় উঠেছিলাম। রুম থেকে মাঠ দেখা যাচ্ছিল। সেদিকেই চেয়েছিলাম আর ভাবছিলাম, ‘আর দু’ঘণ্টা বাদে আমি ওখানে থাকব, চার ঘণ্টা পর রেজাল্ট বেরোবে! হয় হাতে কাপ থাকবে, নয়তো থাকবে না।’ অকপট, আকাঁড়া মনে হওয়া মেলে ধরেন রোহিত।
ফাইনাল জিতে অবশ্য কাপ তুলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টিম ইন্ডিয়া, সাত রানে। টুর্নামেন্টে তিনটি হাফ সেঞ্চুরি সমেত ২৫৭ রান হাঁকান রোহিত। গড় ৩৬.৭১, স্ট্রাইক রেট ১৫৫-র বেশি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ডও দখল করেন।