বহু হৃদয়বিদারক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, বন্যার জলে একটি সাদা রঙের গাড়ি ভেসে যাচ্ছে, যার ভিতরে যাত্রীদের আটকে থাকার আশঙ্কা।

ভেসে যাচ্ছে গাড়ি - ফাইল ছবি
শেষ আপডেট: 6 August 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশী জেলার (Uttarkashi) ধারালি গ্রামে মঙ্গলবার সন্ধেয় হঠাৎ মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ ধস (Landslide) ও হড়পা বানে তছনছ হয়েছে বিস্তীর্ণ এলাকায়। গ্রামটির একটি বড় অংশ জলস্রোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজ বহু মানুষ। উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ ও সেনা বাহিনী। কিন্তু প্রবল বৃষ্টিপাত ও দুর্গম ভূ-প্রকৃতির কারণে অভিযান ব্যাহত হচ্ছে।
এই ঘটনার পর বহু হৃদয়বিদারক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (Viral Video)। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, বন্যার জলে একটি সাদা রঙের গাড়ি ভেসে যাচ্ছে, যার ভিতরে যাত্রীদের আটকে থাকার আশঙ্কা। ভিডিওটি তুলেছেন স্থানীয় এক বাসিন্দা, যিনি উপর থেকে দেখে চিৎকার করে বলেন, “গাড়ি ভেসে যাচ্ছে!” অপর এক ব্যক্তি তখন বলেন, “লোক আছে ভিতরে, লোক আছে!” এরপরই প্রবল স্রোতে গাড়িটি চোখের নিমেষে কার্যত গায়েব হয়ে যায়। ভিডিওটি মাত্র ৩০ সেকেন্ডের তাই শেষ পর্যন্ত ওই যাত্রীদের কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ধারালি গ্রামের কাছ দিয়েই গঙ্গোত্রী যাওয়ার পথ। এই রুটে প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই প্রবল বর্ষণ শুরু হয়। সন্ধের দিকে আচমকা মেঘভাঙা বৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যেই গ্রামে ধস নামে, পাশাপাশি আসে হড়পা বান।
Disturbing visuals from Dharali, Uttarkashi.
A car filled with people seen being swept away in flash floods after a powerful cloudburst near Harshil.
Onlookers scream, “Aadmi hai isme... haan, haan aadmi hai!”
But the video cuts off. The car keeps drifting.
No update on what… pic.twitter.com/njkrUKhufE— Yash Tiwari (@DrYashTiwari) August 6, 2025
এক এনডিআরএফ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় ১৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও নিখোঁজ প্রায় ১০০ জন। নিখোঁজদের তালিকায় রয়েছেন ১১ জন সেনাকর্মীও।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না শেষ ব্যক্তি পর্যন্ত উদ্ধার হচ্ছে, ততক্ষণ অভিযান চলবে। তবে টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এখনও পর্যন্ত সরকারের তরফে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি।
সোমবার সন্ধের সেই মুহূর্তের আরও ভিডিও ও তথ্য সামনে এলে, পরিস্থিতির প্রকৃত ভয়াবহতা স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।