রবিবারই পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে গুলিতে আহত হয় সে। এর পর কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়েন শাশুড়ি (Mother In Law)।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 24 August 2025 19:30
দ্য ওয়াল ব্যুরো: দাউদাউ করে জ্বলছিল শরীর। ছ’বছরের ছেলে কাঁদতে কাঁদতে বলছে— “মাম্মির গায়ে কিছু ঢালল, তারপর চড় মারল, তার পর লাইটার জ্বালিয়ে আগুন ধরাল।” চোখের সামনে নিজের মাকে পুড়তে দেখা, এমন ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইল গ্রেটার নয়ডার (Greater Noida) ছোট্ট শিশু। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, রবিবার রাতে ধরা পড়লেন মৃতার শাশুড়ি সন্স দয়াবতী।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডায়। মৃতার স্বামী বিপিন ভাটি আগে থেকেই গ্রেফতার (Arrest)। রবিবারই পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে গুলিতে আহত হয় সে। এর পর কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়েন শাশুড়ি (Mother In Law)। অভিযোগ, নিক্কি ভাটিকে দীর্ঘদিন ধরে পণ চেয়ে নির্যাতন করা হচ্ছিল।
রবিবার সকালে নিক্কির (Nikki Bhati) স্বামী বিপিনকে নিয়ে তদন্তে বেরিয়েছিল পুলিশ। অভিযোগ, আগুন ধরাতে যে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, সেই বোতল উদ্ধারের জন্যই বিপিনকে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই আচমকা পুলিশের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে পালাতে যায় সে। একাধিকবার সতর্ক করার পরও না থামায়, গুলি চালায় পুলিশ। বিপিনের পায়ে গুলি লাগে। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে নির্লজ্জভাবে বলে— “আমার কোনও অনুতাপ নেই। আমি কাউকে মারিনি। ও নিজেই মারা গিয়েছে।”
নিক্কিকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে— এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আরেকটি ফুটেজে দেখা গিয়েছে, আগুনে ঝলসে যাওয়া শরীর নিয়ে কষ্টে হাঁটছেন তিনি। নিক্কির বোনের সামনেই এ ঘটনা ঘটে। সবকিছুর সাক্ষী তার ছোট ছেলে।
নিক্কির বাবা জানিয়েছেন, মেয়েকে বাঁচাতে বারবার পণের দাবি মেটানো হয়েছিল। প্রথমে স্করপিও গাড়ি, পরে বুলেট বাইক— সবই দেওয়া হয়েছিল। তবু থামেনি নির্যাতন। সম্প্রতি তাদের পরিবারের কেনা মার্সিডিজ চেয়েছিল বিপিন। দাবি পূরণ না হওয়ায় এই চরম পরিণতি, অভিযোগ নিক্কির পরিবারের।
অভিযোগকারীর আক্ষেপ, “আমার বড় মেয়েকে পুড়িয়ে মারল ওরা। এবার যদি কড়া ব্যবস্থা না হয়, আমরা অনশন করব। যোগীজির সরকারে অপরাধীরা ছাড় পেতে পারে না। বুলডোজার নামানো হোক।”
গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন, ইতিমধ্যেই বিপিন ও তার মা সন্স দয়াবতীকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।