সুনীলের পরিবারের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এর জন্য কনট্রাক্টর এবং কর্মীদের দায়ী করছেন তাঁরা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 May 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: কবরস্থানের কাছে গাছের নীচে বিশ্রাম নিচ্ছিলেন সবজি বিক্রেতা। সেখানেই নর্দমা পরিষ্কারের কাজ চলছিল। ঘুমের মধ্যেই চাপা পড়েন ট্রাক্টর-ট্রলিতে থাকা নর্দমার কাদামাটিতে। উত্তরপ্রদেশের বরেলি শহরের বারাদারী এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া।
মৃত ব্যক্তির নাম সুনীল কুমার প্রজাপতি (বয়স ৪৫), বাড়ি শান্তিপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে তিনি তাঁর বাড়ির কাছে এক গাছতলায় ঘুমোচ্ছিলেন। অনুমান করা হচ্ছে তিনি মদ্যপান করেছিলেন সেই সময়। অভিযোগ, সেই সময় নাঈম নামের এক সাফাইকর্মীর নেতৃত্বে একটি দল ট্রাক্টর-ট্রলিতে করে নর্দমা থেকে কাদামাটি তুলে এনে সেখানে ফেলে দেয়। কিন্তু ট্রলিটি যিনি চালাচ্ছিলেন, তিনি গাছের তলায় শুয়ে থাকা ব্যক্তিকে দেখতে পাননি বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে।
কিছুক্ষণ পরে সুনীলের ছেলে এসে দেখেন, তাঁর বাবা কাদামাটির নীচে চাপা পড়ে আছেন। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে টেনে বের করা হয় এবং সঙ্গে সঙ্গে কাছের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দমবন্ধ হয়ে যাওয়াই তাঁর মৃত্যুর কারণ, প্রাথমিক অনুমানে জানান তাঁরা।

সুনীলের পরিবারের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এর জন্য কনট্রাক্টর এবং কর্মীদের দায়ী করছেন তাঁরা।
বরেলির পুলিশ আধিকারিক জানান, মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে বারাদারী থানায় কনট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। সুনীলের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। সেই রিপোর্ট আসার পর কড়া পদক্ষেপ নেওয়া হবে।
সুনীলের সবজি বিক্রিই ছিল পরিবারের বড় এক ভরসা। তাঁর হঠাৎ মৃত্যুতে গোটা পরিবার শোকাহত। সকালে সব্জির স্টলের কাছে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন সবাই। তারপর জানা যায় তাঁর সঙ্গে ঘটা এই মর্মান্তিক ঘটনার কথা।
এই ঘটনা পুরসভার কাজকর্মে ও কর্মীদের অবহেলার নিদর্শন যা চরম গাফিলতির অভিযোগকে রীতিমতো উস্কে দিয়েছে।