কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা?

ফাইল ছবি।
শেষ আপডেট: 19 July 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat) চড়ার জন্য আর দীর্ঘক্ষণ আগেই টিকিট কাটতে হবে না। এবার থেকে ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেও মিলবে টিকিট (Ticket)। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এমন অভিনব রিজার্ভেশন ব্যবস্থা চালু করল দক্ষিণ রেলওয়ে (Indian Railways , Train Reservation)।
রেল সূত্রে খবর, গত বৃহস্পতিবার থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হয়েছে প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের আটটি বন্দে ভারত এক্সপ্রেসে। শুধু তাই নয়, ট্রেন ছেড়ে যাওয়ার পরেও যদি কোনও সিট ফাঁকা থাকে, তা হলে সেটিও অনলাইনে বুক করা যাবে।
কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা?
রেলের এক কর্তা বলেন, ধরুন, কোনও বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৫টায় চেন্নাই এগমোর স্টেশন থেকে ছাড়বে। সেই ক্ষেত্রে ওই স্টেশন থেকেই ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে অর্থাৎ ৪:৪৫ পর্যন্ত কাটা যাবে টিকিট।
এমনকি ট্রেন স্টেশন ছেড়ে দেওয়ার পরও যদি সিট ফাঁকা থাকে, তাহলে তা অনলাইনে বুক করা যাবে। অর্থাৎ, যে স্টেশনে ট্রেন ৯টায় পৌঁছবে, সেখান থেকে ৮:৪৫ পর্যন্ত টিকিট কাটা যাবে।
আগে এই সুবিধা থাকত না। সেকেন্ড চার্ট তৈরি হওয়ার পর আর টিকিট কাটার সুযোগ থাকত না।
কোন কোন বন্দে ভারতে এই সুবিধা?
১. চেন্নাই সেন্ট্রাল – বিজয়ওয়াড়া বন্দে ভারত এক্সপ্রেস
২. চেন্নাই এগমোর – নাগেরকোলি বন্দে ভারত এক্সপ্রেস
৩. কোয়েম্বাটুর – বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস
৪. ম্যাঙ্গালুরু সেন্ট্রাল – তিরুঅনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস
৫. ম্যাঙ্গালুরু সেন্ট্রাল – মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধা অন্যান্য বন্দে ভারত ট্রেনেও চালুর পরিকল্পনা রয়েছে।