এক মহিলাকে জোর করে মাঠের দিকে টেনে নিয়ে যেতে চেয়েছিল দু’জন। চিৎকার করতে পালিয়ে যায় তারা। তিনি পরিবারকে জানান, আক্রমণকারীরা সম্পূর্ণ নগ্ন ছিল।

ড্রোন নজরদারি চালাচ্ছে পুলিশ
শেষ আপডেট: 6 September 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: এক তথাকথিত ‘নগ্ন গ্যাং’-এর (Nude gang) খবরে আতঙ্ক ছড়িয়েছে উত্তরপ্রদেশের মীরাটে (Uttar Pradesh Meerat)। গ্রামের দিকে মহিলাদের নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু নগ্ন দুষ্কৃতী, এমনই অভিযোগ উঠে এসেছে। দৌরালা অঞ্চলে এ নিয়ে চতুর্থ ঘটনার কথা সামনে আসায় মহিলাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কে সাধারণ মহিলারা এখন ঘর থেকে বার হতেও ভয় পাচ্ছেন।
সর্বশেষ ঘটনায়, ভরালা গ্রামে কর্মক্ষেত্রে যাওয়ার পথে এক মহিলাকে জোর করে মাঠের দিকে টেনে নিয়ে যেতে চেয়েছিল দু’জন। কিন্তু সাহস দেখিয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠায় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তবে অভিযুক্তদের আর খুঁজে পাওয়া যায়নি। ওই মহিলা তাঁর পরিবারকে জানান, আক্রমণকারীরা সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। ঘটনার পর ভয় পেয়ে চাকরি বদলেছেন ওই মহিলা এবং অন্য পথ ধরে যাতায়াত শুরু করেছেন।
গ্রামবাসীদের দাবি, এর আগেও এ ধরনের তিনটি ঘটনা ঘটেছে। কিন্তু লোকলজ্জার ভয়ে তা প্রকাশ্যে আনা হয়নি। গ্রামপ্রধান রাজেন্দ্র কুমার বলেন, “প্রথমে গ্রামবাসীরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু এখন মহিলাদের মধ্যে ব্যাপক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই দল এখনও পর্যন্ত শুধু মহিলাদেরই টার্গেট করেছে।”
অভিযোগ পেয়ে পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করেছে। সিনিয়র পুলিশ অফিসারদের উপস্থিতিতে শনিবার কয়েক ঘণ্টা ধরে ড্রোন দিয়ে খোঁজ চালানো হয়। পাশাপাশি, আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে।
মীরাটের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ জানান, “ড্রোন ও গ্রামবাসীদের সহযোগিতায় আমরা চিরুনি তল্লাশি চালিয়েছি। তবে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এলাকায় মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজনদের সন্ধান চলছে।”
পুলিশের একাংশ মনে করছে, এ ঘটনাগুলি হয়তো গুজব বা দুষ্টচক্রের কারসাজি, যার মাধ্যমে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তবে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে।