বিল্ডিংয়ের দুই ভাড়াটে রাজু এবং বীর কাশ্যপকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেন। অভিযোগকারীর দাবি, তাঁর মেয়ে ছাদে খেলতে গেছিল।

উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ দুই অভিযুক্ত
শেষ আপডেট: 3 January 2026 16:28
দ্য ওয়াল ব্যুরো: ছ'বছরের শিশুকে গণধর্ষণ করে খুনের চেষ্টায় ছুড়ে ফেলা হয় ছাদ থেকে (Girl gangraped, thrown from terrace)। উত্তরপ্রদেশের বুলন্দশহরে এই ঘটনায় তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করতে যায় পুলিশ। তাদের দেখে পালাতে গিয়ে এনকাউন্টারে আহত হয়েছেন দুই অভিযুক্ত।
ঘটনাটি গত ২ জানুয়ারির। বুলন্দশহরে ছ বছরের শিশুকে গণধর্ষণ, তারপর খুনের চেষ্টায় ছাদ থেকে ছুড়ে ফেলা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার মধ্যেই মৃত্যু হয় শিশুটির।
এরপর শিশুটির বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁদের বিল্ডিংয়ের দুই ভাড়াটে রাজু এবং বীর কাশ্যপকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেন। অভিযোগকারীর দাবি, তাঁর মেয়ে ছাদে খেলতে গেছিল। কিছু সময় পর বিল্ডিংয়ের পিছনে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর সন্দেহ, ওই দুই যুবক শারীরিকভাবে নির্যাতনের পর খুন করেছে।
পুলিশ পকসো আইনে (POCSO Act) মামলা দায়ের করে তদন্ত শুরু করে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তিনটে দল গঠন করা হয়। তাদের কাছে খবর আসে, অভিযুক্তরা এলাকার একটি নির্মীয়মাণ বহুতলে গিয়ে গা ঢাকা দিয়েছে।
সিকন্দারবাদ থানার পুলিশের টিম সেখানে গেলে অভিযুক্তরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশ বাহিনী। জানা যায়, পুলিশের এনকাউন্টারে দুজন আহত হয়েছেন (Accused shot in encounter)। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দুই অভিযুক্তই জেরায় অপরাধ স্বীকার করেছে বলে খবর পুলিশ সূত্রের। গোটা ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শাস্তি দিয়ে শিশুমৃত্যুর বিচার দাবি করছে পরিবার।