সাধ ছিল সবুজ গমে ঘেরা দেশের (পাঞ্জাব) লুধিয়ানায় এসে বিয়ে করার। কিন্তু তার আগেই স্বপ্নভঙ্গ হল রাজকন্যেটির।

চরণজিৎ সিং ও রূপিন্দর কৌর। ফাইল ছবি।
শেষ আপডেট: 18 September 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: কনের বয়স ৭১। বর ৭৫ বছর। দুজনেই অনাবাসী ভারতীয়। কনে থাকেন আমেরিকায়। আর স্বপ্নের রাজকুমারের বর্তমান নিবাস ব্রিটেন। সাধ ছিল সবুজ গমে ঘেরা দেশের (পাঞ্জাব) লুধিয়ানায় এসে বিয়ে করার। কিন্তু তার আগেই স্বপ্নভঙ্গ হল রাজকন্যেটির। লুধিয়ানার শহরতলির এক গ্রামের নালায় দগ্ধ দেহ উদ্ধার হল মহিলার।
জীবনের উপান্তে এসে দুজনের মধ্যে প্রেম জেগেছিল। তাই দেশের বাড়িতে ফিরে বিয়ে করার সাধ নিয়ে কিছুদিন আগেই তিনি লুধিয়ানায় ফিরেছিলেন। কিন্তু, যাঁকে মনে মনে স্বামীর আসনে বসাতে চেয়েছিলেন, সেই ব্রিটেন প্রবাসী ৭৫ বছরের মানুষটিই ভাড়াটে খুনি দিয়ে তাঁকে খুন করিয়েছেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে।
রূপিন্দর কৌর নামে ওই মহিলাকে লুধিয়ানা থেকে মাত্র ১৫ কিমি দূরের কিলা রায়পুর গ্রামের একটি নালা থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ যে বাড়িটিতে এসে রূপিন্দর উঠেছিলেন, সেই লোকটিই তাঁকে খুন করে কয়লা দিয়ে জ্বালিয়ে দেহ ফেলে দিয়েছে। অভিযুক্তের নাম সুখজিৎ সিং ওরফে সোনু। তিনি লুধিয়ানা জেলা আদালতে টাইপিস্টের কাজ করেন।
পুলিশ সোনু এবং ব্রিটেন প্রবাসী চরণজিৎ সিংয়ের বিরুদ্ধে খুনে মামলা দায়ের করেছে। সোনুকে হেফাজতে নেওয়া হলেও চরণজিতের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রেমের সম্পর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত বিয়ে করতে অস্বীকার করেন চরণজিৎ। তাতে রূপিন্দর তাঁকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখালে হবু স্ত্রীকে খুন করানো হয় বলে পুলিশের সন্দেহ। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। গত ১৮ অগস্ট সুখজিৎ থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। তাতে বলেন, রূপিন্দরকে পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, রূপিন্দর তাঁকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন।
পুলিশের এক স্থানীয় কর্তা জানান, অনাবাসী ভারতীয় ওই মহিলাকে প্রবাসী ভারতীয় বন্ধুর হয়ে খুন করেছেন সুখজিৎ। মনে করা হচ্ছে, সুখজিৎ তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। রূপিন্দরের বিরুদ্ধে একটি প্রতারণা কেসে এনআরআই থানায় মামলা চলছিল। তখন চরণজিৎই তাঁর সঙ্গে সুখজিতের পরিচয় করিয়ে দেন। পুলিশ আরও জানিয়েছে, সুখজিৎ বলেছেন যে চরণজিৎ তাঁকে জানায় রূপিন্দর তাঁদের দুজনকে ধর্ষণ ও প্রতারণা মামলায় ফাঁসিয়ে দেবে। কারণ ওর কাছে অনেক ছবি আছে দুজনের। চরণজিৎ তখন সুখজিৎকে ৫০ লক্ষ টাকা ও তাঁকে লন্ডনের বাসিন্দা করে দেওয়ার টোপ দিয়ে খুন করান। রূপিন্দরকে বলেন, তুমি দেশের বাড়িতে যাও, সেখানেই আমরা বিয়ে করব।
পুলিশের সন্দেহ গত ১২ জুলাই সুখজিৎ বেসবল ব্যাট দিয়ে মেরে রূপিন্দরকে খুন করেন। প্রচুর কয়লা দিয়ে দেহটিকে পোড়ান। বাকি যে অংশটি পোড়েনি, প্রায় কঙ্কাল দেহটিকে একটি নালায় এনে ফেলে দেন। মহিলার মোবাইলটি হাতুড়ি দিয়ে ভেঙে জলে ফেলে দেন। ঘরে কয়লা জ্বালানোয় দেওয়াল খারাপ হয়ে গিয়েছিল। তাই অভিযুক্ত মিস্ত্রি লাগিয়ে বাড়িতে নতুন রং করান এবং মেঝেতে নতুন টাইলস বসান। তাই দেখেই পুলিশের সন্দেহ দৃঢ় হয়। জিজ্ঞাসাবাদের সময় পুরো ভেঙে পড়েন অভিযুক্ত।