দিশা পাটানির বাড়িতে হামলা চালানো দুই দুষ্কৃতী পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যাওয়ার পর, তাদের কাছ থেকে তুরস্কে তৈরি জিগানা পিস্তল ও অস্ট্রিয়ার গ্লোক পিস্তল উদ্ধার হয়েছে।

দিশা পাটানি। ফাইল ছবি।
শেষ আপডেট: 18 September 2025 10:20
দ্য ওয়াল ব্যুরো: দিশা পাটানির বাড়িতে হামলা চালানো দুই দুষ্কৃতী পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যাওয়ার পর, তাদের কাছ থেকে তুরস্কে তৈরি জিগানা পিস্তল ও অস্ট্রিয়ার গ্লোক পিস্তল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, এই একই মডেলের জিগানা পাকিস্তান থেকে ভায়া নেপাল আকাশপথে ড্রোনের সাহায্যে পাচার করা হয়েছিল। শুধু তাই নয়, এর আগে এই ধরনেরই পিস্তল ব্যবহার করা হয়েছিল গ্যাংস্টার আতিক আহমেদ ও পাঞ্জাবি রকস্টার সিধু মুসেওয়ালা খুনের কাজে।
পুলিশ আরও জানিয়েছে, দিশা পাটানির বাড়িতে মোট পাঁচজন গুলি চালিয়েছিল। তারা সকলেই গোল্ডি ব্রার গ্যাংয়ের ছেলে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তকারীদের মতে, জিগানা ও গ্লোক পিস্তল গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের খুবই পছন্দের অস্ত্র।
সূত্র জানিয়েছে, জিগানা পিস্তল পাকিস্তান থেকে ড্রোন মারফত নেপাল-ভারত কার্গো পথে পাচার করা হয়। নেপালের সূত্র জানাচ্ছে, একেকটি জিগানার দাম ৬ লক্ষ টাকার কাছে। কারণ ড্রোন মারফত পাঠাতেই খরচ পড়ে যায় ৪ লাখ টাকা। জিগানার জনপ্রিয়তার কারণ হল এটা খুবই হালকা পিস্তল। একসঙ্গে ১৫টি বুলেট চালানো যায়। পরপর ফায়ারিংয়ের পরেও পিস্তল গরম হয়ে ওঠে না।
ভারতের বৃহত্তম বেআইনি অস্ত্র পাচারকারী সেলিম পিস্তল নামে কুখ্যাত পাচারকারী, যে এখন পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে আছে, তার কথায়, আমিই প্রথম দেশের গ্যাংস্টারদের কাছে জিগানা পিস্তল পাচার করেছিলাম। তার পর থেকে এদেশে এই পিস্তলের কদর বেড়েছে। সেলিমই জানিয়েছে, হয় এই পিস্তল সরাসরি পাকিস্তান থেকে ড্রোনে করে পাচার হয়। নয়তো নেপালের আকাশপথে এদেশে ঢোকে।