ক্লাসরুমে আদিত্যর এই প্রদর্শন দেখে শিক্ষক ও ছাত্রদের অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হন। একজন স্কুলছাত্র কীভাবে এত উন্নত প্রযুক্তির রোবট তৈরি করল - তা নিয়েও জাগছে কৌতূহল।

স্কুলে পড়াচ্ছে রোবট
শেষ আপডেট: 29 November 2025 14:50
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বুলন্দশহরে (Uttar Pradesh) মাত্র ১৭ বছর বয়সেই এক স্কুলছাত্র তৈরি করে ফেলেছে এক এআই-চালিত (AI) শিক্ষিকা রোবট (Robot)। নাম তার সোফি (Shopie)। শিবচরণ ইন্টার কলেজের ক্লাসরুমে রোবটটিকে ঘিরে যে ডেমো দেখানো হয়, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর আলোচনা।
ভিডিওতে দেখা যায়, রোবট ‘সোফি’ নিজেকে পরিচয় করিয়ে বলছে - “আমি এআই টিচার রোবট সোফি। আমাকে বানিয়েছে আদিত্য। আমি শিবচরণ ইন্টার কলেজে (Shivcharan Inter College) পড়াই। তোমরা কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও?” ক্লাস ১২-র ছাত্র আদিত্য কুমার, যিনি রোবটটির নির্মাতা, কয়েকটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন করেন।
প্রথম রাষ্ট্রপতি (First President) কে - জিজ্ঞেস করতেই রোবট দ্রুত উত্তর দেয়, “ড. রাজেন্দ্র প্রসাদ।” প্রথম প্রধানমন্ত্রী (First Prime Minister) কার নাম জানতে চাইলে সে বলে - “পণ্ডিত জওহরলাল নেহরু।” সাধারণ জ্ঞানের প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দিয়ে উপস্থিত শিক্ষক-ছাত্রীদের তাক লাগিয়ে দেয় ‘সোফি’।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে আদিত্য জানান, “রোবটটি তৈরির জন্য আমি এলএলএম চিপসেট (LLM Chipset) ব্যবহার করেছি। বড় কোম্পানিগুলি যারা রোবট বানায়, তারাও একই প্রযুক্তি ব্যবহার করে। এখন সোফি শুধু কথা বলতে পারে। খুব শিগগিরই এমনভাবে তৈরি করছি যাতে সে লিখতেও পারে।”
তার দাবি, দেশের প্রতিটি জেলায় আলাদা গবেষণাগার থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি নির্মাণেও উৎসাহ পাবে।
ক্লাসরুমে আদিত্যর এই প্রদর্শন দেখে শিক্ষক ও ছাত্রদের অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হন। একজন স্কুলছাত্র কীভাবে এত উন্নত প্রযুক্তির রোবট তৈরি করল - তা নিয়েও জাগছে কৌতূহল।