স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ সাক্সেনা নামের ওই যুবক প্রথমে বিয়ে করেছিলেন ২০২১ সালে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে অসুস্থ হয়ে মারা যান তাঁর স্ত্রী।

ফাইল ছবি
শেষ আপডেট: 29 August 2025 21:09
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজে ঘটল এক অদ্ভুত কাণ্ড। বিয়ে করতে চেয়ে সরাসরি বিদ্যুতের টাওয়ারে (Electric Tower) চড়ে বসলেন এক যুবক! তাঁর দাবি, শ্যালিকাকে (Sister in Law) না হলে তিনি আর কাউকে বিয়ে করবেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ সাক্সেনা নামের ওই যুবক প্রথমে বিয়ে করেছিলেন ২০২১ সালে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে অসুস্থ হয়ে মারা যান তাঁর স্ত্রী। এরপর তিনি স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু দু’বছরের মধ্যে সাক্সেনা প্রেমে পড়েন স্ত্রীর এক বোনের সঙ্গে। তারপরই শুরু হয় যত ঝামেলা!
সম্প্রতি তিনি স্ত্রীকে সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁর বোন অর্থাৎ শ্যালিকাকে বিয়ে করতে চান। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে স্বামী-স্ত্রীর মধ্যে উত্তাল ঝামেলা হয়। শেষে স্ত্রী আপত্তি করায় ‘শোলে’র ঢঙে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন ওই যুবক। সবার সামনে চিৎকার করে বলতে থাকেন, ‘‘আমি শ্যালিকাকেই বিয়ে করব!’’
ঘটনার খবর পৌঁছতেই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। শুরু হয় দীর্ঘ বোঝাপড়া। প্রায় সাত ঘণ্টা পর পুলিশের সঙ্গে পরিবারও প্রতিশ্রুতি দেয় যে তাঁকে শ্যালিকার সঙ্গেই বিয়ে দেওয়া হবে। অবশেষে টাওয়ার থেকে নেমে আসেন রাজ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ''আমার শ্যালিকাও আমাকে ভালবাসে।''