পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসেই রবি শঙ্কর ও স্বপ্নার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই নানা কারণে দু'জনের মধ্যে অশান্তি চলছিল। সেই কারণে গত পাঁচমাস ধরে অন্তঃসত্ত্বা স্বপ্না মীরাটের আমহেরা এলাকায় তাঁর দিদির শ্বশুরবাড়িতে থাকছিলেন।

স্ত্রীকে খুনে অভিযুক্ত যুবক
শেষ আপডেট: 2 August 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে (UP Man stabbed his pregnant wife to death)। উত্তরপ্রদেশের মীরাট জেলার এই নৃশংস ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Uttar Pradesh Murder Case)। অবাক করা বিষয়টি হল, খুনের পর নিজেই থানায় খবর দেন ওই ব্যক্তি। এরপর পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহের পাশে বসেই অপেক্ষা করেন তিনি।
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসেই রবি শঙ্কর ও স্বপ্নার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই নানা কারণে দু'জনের মধ্যে অশান্তি চলছিল। সেই কারণে গত পাঁচমাস ধরে অন্তঃসত্ত্বা স্বপ্না মীরাটের আমহেরা এলাকায় তাঁর দিদির শ্বশুরবাড়িতে থাকছিলেন। স্বামী অনেকবার বাড়ি ফেরার কথা বললেও তিনি রাজি হননি।
মৃতার পরিবারের তরফে জানানো হয়, শনিবার সকালে রবি হঠাৎ স্বপ্নার দিদির বাড়িতে যান এবং স্ত্রীর সঙ্গে একা কথা বলতে চান বলে জানান। পরিবারের অনুমতি পেয়ে দম্পতি একটি আলাদা ঘরে যান। ঘরে ঢুকেই রবি ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণের মধ্যেই ওই ঘর থেকে চিৎকার ও আর্তনাদ শোনা যায়।
স্বপ্নার দিদি জানিয়েছেন, ঘরের ভিতর থেকে তাঁর বোন ক্রমাগত প্রাণভিক্ষা চেয়ে চিৎকার করছিলেন। কিন্তু রবি বিন্দুমাত্র করুণা দেখায়নি। স্বপ্নার জামাইবাবুর কথায়, 'ওঁ (স্বপ্না) সাত মাসের গর্ভবতী ছিল। নিজের স্ত্রী ও আসন্ন সন্তানকে খুন করতে রবির হাত একবারও কাঁপল না!' ঘটনার সময় চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন। সকলে মিলে দরজা ভেঙে ঘরে ঢোকেন। কিন্তু ততক্ষণে নিজের উদ্দেশ্য সফল করে ফেলেছিল রবি (UP Man stabbed his pregnant wife to death)।
জানা যায়, রবি খুনের পর নিজেই স্থানীয় থানায় ফোন করে। পুলিশ ঘরে ঢুকে দেখে, মেঝে রক্তে ভেসে যাচ্ছে। সেই রক্তের উপরেই শুয়ে রয়েছেন রবি। তাঁকে গ্রেফতার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রবি শঙ্কর প্রথমে তাঁর স্ত্রীর গলা কেটে খুন করেন। এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন শরীরে। মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। খুনের মামলা রুজু হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।