হঠাৎই শরীরে অস্বস্তি অনুভব করেন সুবোধ। গাড়ি থেকে নেমে রাস্তার ধারে গিয়ে বমি করতে শুরু করেন তিনি। ঠিক সেই সময়ই ঘটে দুর্ঘটনা (UP groom accident on the way to wedding)।

মৃত সুবোধ কুমার
শেষ আপডেট: 24 November 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: শরীর খারাপ লাগছিল বলে রাস্তায় গাড়ি থামিয়ে নেমেছিলেন হবু বর। সেটাই কাল হল। বিয়ের কয়েক মুহূর্ত আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সুবোধ কুমার (UP groom killed)। এই ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাঘপত জেলায় বিয়ের আনন্দঅনুষ্ঠানে হঠাৎই নেমে এল বিষাদের ছায়া (Baghpat wedding accident)।
পরিবারের একমাত্র সন্তান সুবোধের এমন মৃত্যুতে খানিক আগেও যে বাড়িতে সাজসজ্জা, গানবাজনা, আনন্দের সুর বাজছিল, মুহূর্তের মধ্যে সেখানেই নেমে আসে শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে বাঘপতের বিনাউলি পুলিশ স্টেশন এলাকায়। স্থানীয় পিচোকরা গ্রামের বাসিন্দা সুবোধ কুমার রবিবার রাতে তাঁর বরযাত্রী দল নিয়ে পৌঁছেছিলেন সারুরপুর কালান গ্রামে। পঞ্চায়েত ভবনের সামনে বরযাত্রীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। সেখানেই গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিরতি নেয় পুরো বরযাত্রীর দল।
পরিবারের লোকজন জানিয়েছেন, হঠাৎই শরীরে অস্বস্তি অনুভব করেন সুবোধ। গাড়ি থেকে নেমে রাস্তার ধারে গিয়ে বমি করতে শুরু করেন তিনি। ঠিক সেই সময়ই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে এসে পড়ে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক। কোনওরকম সতর্ক হওয়ার সুযোগ না দিয়েই বরকে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। ধাক্কার জেরে সুবোধকে প্রায় কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় গাড়িটি। আচমকা এই ঘটনায় চারিদিক থেকে চিৎকারে ছুটে আসেন বরযাত্রীরা।
আহত অবস্থায় সুবোধকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে সেখান থেকে জেলা হাসপাতালে রেফার করার পরামর্শ দেন। কিন্তু ততক্ষণে সব শেষ। জেলা হাসপাতালের চিকিৎসক রাজ সিং জানিয়েছেন, রবিবার রাত প্রায় সাড়ে দশটার দিকে সুবোধকে হাসপাতালে আনা হয়, কিন্তু তাঁর কোনও সাইন অব লাইফ পাওয়া যায়নি। অর্থাৎ হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন।
ঘটনার খবর পেয়ে বিনাউলি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিকটবর্তী হাইওয়ে ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করে তদন্তে নামবে পুলিশ।
বরের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন কনের পরিবারও। বিয়ের সাজে সেজে থাকা এক তরুণীর জীবনের অন্যতম সুখের দিনটিই পরিণত হল বিভীষিকাময় রাতে। সুবোধ পরিবারে একমাত্র ছেলে ছিলেন, ফলে এই অকালপ্রয়াণ গোটা গ্রামকে স্তব্ধ করে দিয়েছে।
পরিবারের আত্মীয় সুখপাল সিং জানিয়েছেন, বর কিছুটা অসুস্থ বোধ করেছিলেন বলেই গাড়ি থেকে নেমেছিলেন। কিন্তু কে জানত সেই কয়েক মুহূর্তই তাঁর জীবনের শেষ মুহূর্ত হয়ে দাঁড়াবে!
পুলিশ জানিয়েছে, ট্রাক চালকের পরিচয় জানার চেষ্টা চলছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।