
সোহনলাল যাদব
শেষ আপডেট: 3 December 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের আমেঠির একটি বিয়েবাড়িতে পুরো উলটপুরাণ! হবু বর আসতেই তাঁকে বন্দি বানিয়ে নিল কনের বাড়ি। তারপর চাওয়া হল ক্ষতিপূরণের টাকা! কেন বন্দি বানানো হল, কেনই বা টাকা চাওয়া হল, সে গল্প সিনেমাকেও হার মানাবে।
সোমবার রাতে বিয়ে ছিল সোহনলাল যাদবের। কিন্তু তার আগেই তিনি 'নিখোঁজ' হয়ে যান। তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এতকিছু জানত না কনের বাড়ির লোক। তাঁরা তাঁদের মতো বিয়েবাড়ির আয়োজন করে। নির্দিষ্ট সময়ে লোকজনও আসতে শুরু করে। কিন্তু লগ্ন পেরিয়ে গেলেও আসেনি বর! তখনই তাঁরা বুঝতে পারেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে।
এরপর পুলিশের তরফে কনের পরিবারকে ফোন করা হয় এবং তখন তারা বিষয়টি জানতে পারেন। ইতিমধ্যে আবার সোহনলালকেও খুঁজে পাওয়া যায় এবং তিনিও বিয়ে করতে রাজি হন। পুলিশের মধ্যস্থতায় দুই বাড়ি গোটা বিষয়টি সহমত পোষণ করে। কিন্তু ঘটনায় মোড় ঘুরে যায় বর বিয়ে করতে কনের বাড়ি পৌঁছনোর পর।
বিয়ে তো হয়নি, উল্টে সোহনলালকেই পণবন্দি করে নেয় মেয়ের বাড়ির লোক! তাঁরা জানায়, এই বিয়ে তাঁরা ভাঙছে। তাই বিয়েবাড়ির আয়োজনে যা টাকা তাঁদের লেগেছে তা বরকেই দিতে হবে। তা না দেওয়া পর্যন্ত ছাড়া পাবেন না সোহনলাল।
শুধু তাই নয়, মেয়ের বাড়ি থেকে এও অভিযোগ করা হয়, সোহনলালের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই জন্যই সে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সোহনলালের বক্তব্য, এই অভিযোগ মিথ্যে। তাঁর এমন কোনও সম্পর্ক নেই। বরং সে লখনউয়ে থাকাকালীন তাঁর ফোন অফ হয়ে যাওয়ায় কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তবে সে বিয়ে করতে চায়। কিন্তু এখন মেয়ের বাড়িই রাজি হচ্ছে না।
এদিকে মেয়ের বাবার দাবি, ১০ মাস আগে বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সোহনলাল কদিন আগে বিয়ে ভাঙতে চেয়েছিল। তারপর গাড়ি দাবি করে, তাঁরা রাজি হন। পরে আবার গাড়ি না নিয়ে নগদ টাকা নিতে চায়, তাতেও তাঁরা রাজি হয়েছিলেন বলে দাবি। এরপরই বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল।