কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে অবিলম্বে তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 14 January 2026 16:52
দ্য ওয়াল ব্যুরো: ইরানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ (Indians advised to leave the country immediately) দিল তেহরানের ভারতীয় দূতাবাস Indian Embassy in Tehran)। বুধবার একটি জরুরি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক—যাঁরা এই মুহূর্তে ইরানে রয়েছেন, তাঁরা যেন উপলব্ধ সব রকম পরিবহণের মাধ্যমে, প্রয়োজনে বাণিজ্যিক বিমানে, যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করেন।
দূতাবাসের তরফে আরও বলা হয়েছে, ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিক ও প্রবাসী ভারতীয়দের (PIO) অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিক্ষোভ বা প্রতিবাদ চলতে থাকা এলাকায় না যাওয়ার পাশাপাশি স্থানীয় পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। একই সঙ্গে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশে উল্লেখ করা হয়েছে, ইরানে থাকা ভারতীয়দের নিজেদের পাসপোর্ট ও পরিচয়পত্র-সহ সমস্ত ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথি সব সময় হাতের কাছে রাখতে হবে। কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে অবিলম্বে তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।
জরুরি পরিস্থিতির জন্য দূতাবাস একাধিক হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে। এগুলি হল- +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২ এবং +৯৮৯৯৩২১৭৯৩৫৯। পাশাপাশি একটি ই-মেইল (cons.tehran@mea.gov.in) ঠিকানাও দেওয়া হয়েছে, যেখানে সরাসরি যোগাযোগ করা যাবে। দূতাবাসে এখনও যাঁরা নাম নথিভুক্ত করেননি, তাঁদের দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারনেট সমস্যার কারণে কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে, ভারতে থাকা তাঁদের পরিবারের সদস্যদের সেই কাজ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
ইরানে ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির মধ্যেই এই সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।