শীর্ষ আদালতের রায় ও পর্যবেক্ষণ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনার মাঝে তেলঙ্গনা (Telengana) থেকে মর্মান্তিক খবর এসেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 14 January 2026 09:13
দ্য ওয়াল ব্যুরো: পথ কুকুরের জন্মনিয়ন্ত্রণে (Stray dogs birth control) সব রাজ্যকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court on Stray Dogs)। কুকুর প্রেমীদের সতর্ক করে দিয়ে শীর্ষ আদালত বলেছে প্রতিবেশীর সমস্যা হয় এমন কিছু করবেন না।
শীর্ষ আদালতের রায় ও পর্যবেক্ষণ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনার মাঝে তেলঙ্গনা (Telengana) থেকে মর্মান্তিক খবর এসেছে। ওই রাজ্যের দুটি জেলায় স্থানীয় সরপঞ্চ অর্থাৎ নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা ৫০০ কুকুরকে খাবারে মিশিয়ে হত্যা করেছে। নিহত কুকুরগুলির দেহ এরপর মাটিতে পুতে ফেলা হয়। বিষয়টি জানাজানি হতে তেলঙ্গনা পুলিশ (Telengana Police) মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কুকুরগুলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল হায়দরাবাদের ল্যাবটরিতে। ভিসেরা পরীক্ষাতেই জানা গিয়েছে, পথকুকুর গুলিকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছিল (Stray Dogs Killed)। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত প্রায় কুড়িজনকে গ্রেফতার করেছে। তাদের অনেকেই নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি।
এই নির্মম পশু হত্যাকাণ্ড ঘটেছে তেলঙ্গনার কামারেড্ডি এবং হনমকোড়া জেলায়। পুলিশ জানিয়েছে সম্প্রতি রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election) অনুষ্ঠিত হয়। সেই ভোটের বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে পথকুকুর বিষয়টিও অন্তর্ভুক্ত করেছিলেন। তারা কথা দেন নির্বাচিত হয়ে আসলে গ্রামকে পথকুকুর মুক্ত করবেন।
পথকুকুর নিয়ে সমস্যা, শুধু তেলঙ্গনা নয় গোটা দেশেই। সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্টে (Stray Dogs Case at Supreme Court) একাধিকবার পথকুকুর নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। শীর্ষ আদালত এই বিষয়ে কঠোর অবস্থান নিয়ে সরকারকে বলেছে পথ কুকুর নিয়ন্ত্রণ করতেই হবে। মঙ্গলবারই সর্বোচ্চ আদালত একটি মামলায় বলেছে রাস্তার কুকুরের কামড়ে আক্রান্তকে আর্থিক ক্ষতিপূরণ দিতে তারা সরকারকে বলবে। তবে তেলঙ্গনার ঘটনা সবাইকেই চমকে দিয়েছে। গণহারে এভাবে কুকুর হত্যার ঘটনা মর্মান্তিক এবং নজিরবিহীন।
পুলিশ জানিয়েছে, গত মাসে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই কুকুর হত্যার বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়। তদন্তে জানা গিয়েছে, দিন দুই আগে কামারেড্ডি জেলায় ২০০ পথকুকুরকে দফায় দফায় হত্যা করা হয়েছে। অপর জেলাটিতে হত্যা করা হয় ৩০০ পথে কুকুর।
তেলঙ্গনার পশুপ্রেমী আদুলাপুরম গৌতম পথকুকুর হত্যা নিয়ে একাধিক থানায় এফআইআর করেছেন। তাঁর বক্তব্য শুধু খাবারে বিষ মিশিয়ে নয়, কুকুরগুলিকে বিষ ইনজেকশন দিতে এক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল মোটা টাকার বিনিময়ে। এই ব্যাপারে উদ্যোগী হন স্থানীয় সরপঞ্চরা।
পুলিশ স্বীকার করেছে, কুকুর হত্যার ঘটনা শুধু এই দুটি জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা জানতে পেরেছে আরও কয়েকটি জেলায় একইভাবে পঞ্চায়েতের উদ্যোগে কুকুর নিধন অভিযান হয়েছে।