
শেষ আপডেট: 23 April 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: এবার ভুয়ো অনলাইন কোর্স নিয়ে সতর্ক করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিবিএ, এমবিএ ইত্যাদির ভুয়ো অনলাইন কোর্সের বিষয়ে সতর্কতা জারি করেছে ইউজিসি। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।
যে কোনও অনলাইন কোর্সে আবেদন কিংবা ভর্তি হওয়ার আগে পড়ুয়া এবং অভিভাবকদের সংশ্লিষ্ট কোর্সটির বিষয়ে বৈধতা যাচাই করা নিয়ে পরামর্শ দিয়েছেন ইউজিসি কর্তারা। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন জানিয়েছে, "কয়েকজন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান উচ্চ শিক্ষা ব্যবস্থার স্বীকৃত ডিগ্রি কোর্সের মতোই স্বল্প সময়ের অনলাইন কোর্স করার বিজ্ঞাপন দিয়েছে। তেমনই একটি ভুয়ো কোর্স '১০ দিনের এমবিএ' কমিশনের নজরে এসেছে। অবশ্যই এমন ভুয়ো বিজ্ঞপ্তি থেকে দূরে থাকুন।"
ঠিক কোন কোন বিষয়গুলি লক্ষ্য করে কোনও কোর্সে ভর্তি হওয়া উচিত তাও কমিশনের তরফে জানানো হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্র কিংবা রাজ্যের অনুমোদন রয়েছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে ইউজিসি।
অন্যদিকে, সম্প্রতি দূরশিক্ষার মাধ্যমে ভুয়ো বিষয়ে পঠনপাঠন নিয়ে আগেই সতর্কতা জারি করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সঙ্গে কোন কোন বিষয় দূরশিক্ষা কিংবা অনলাইন প্রোগ্রামের মাধ্যমে পড়ানো যাবে এবং তার জন্য আলাদা করে কোনও অনুমোদন নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা, এই বিষয়েও ইউজিসি-র ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে।