তদন্তকারীদের দাবি, ধৃতরা চরমপন্থায় প্রভাবিত ছিল এবং তাদের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের যোগাযোগ ছিল। এর মধ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ এবং ইসলামিক স্টেট। এছাড়াও “মিশন খিলাফত” এবং “সোলজার্স অফ প্রফেট”-এর মতো অনলাইন চরমপন্থী নেটওয়ার্কের সঙ্গেও তাদের যোগসূত্র ছিল বলে সন্দেহ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 April 2026 00:45
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে সম্ভাব্য বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক (Delhi terrorist attack plan) ভেস্তে দিল এক যৌথ পুলিশ অভিযান। মুম্বই থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড (Jaish terrorists arrested from Mumbai)।
ধৃতদের নাম মোসাব আহদাম ওরফে কালাম কল্যাণ এবং মহম্মদ হামাদ কল্লারা - দু’জনেই মুম্বইয়ের বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে আসা হয়েছে।
তদন্তকারীদের দাবি, ধৃতরা চরমপন্থায় প্রভাবিত ছিল এবং তাদের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের যোগাযোগ ছিল। এর মধ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ এবং ইসলামিক স্টেট। এছাড়াও “মিশন খিলাফত” এবং “সোলজার্স অফ প্রফেট”-এর মতো অনলাইন চরমপন্থী নেটওয়ার্কের সঙ্গেও তাদের যোগসূত্র ছিল বলে সন্দেহ।
পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন হ্যান্ডলারদের মাধ্যমে ধৃতদের ‘ব্রেনওয়াশ’ করা হয়েছিল। তারা আবু হুফেজা নামে এক ব্যক্তির সংস্পর্শে ছিল, যিনি জইশের সঙ্গে যুক্ত এবং অনলাইনে জঙ্গি নিয়োগের কাজে জড়িত বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির কৌশল শিখছিল। তাদের পরিকল্পনা ছিল, একটি খেলনা গাড়ির ভিতরে বোমা লুকিয়ে দিল্লিতে হামলা চালানো, যা নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তদন্তকারীরা এখন একটি বৃহত্তর সর্বভারতীয় জঙ্গি নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন। সূত্রের খবর, মুম্বইয়ের ৪-৫ জন নাবালকও নজরে এসেছে, যারা আইএসআইএস প্রচারে প্রভাবিত হতে পারে বলে সন্দেহ। তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা চলছে। পুরো নেটওয়ার্ক, অর্থের উৎস এবং সম্ভাব্য টার্গেট চিহ্নিত করাই এখন তদন্তের মূল লক্ষ্য।