যোধপুরে বিয়ের আগের সকালেই ঘর থেকে মিলল দুই বোনের নিথর দেহ। বিষপানে মৃত্যুর সন্দেহ, তদন্তে নেমেছে পুলিশ।

দুই কনে
শেষ আপডেট: 22 February 2026 14:30
দ্য ওয়াল ব্যুরো: যোধপুরের মানাই গ্রাম। শনিবার সেখানেই দুই বোনের বিয়ে (wedding) হওয়ার কথা ছিল, ঠিক তার আগের রাতে বাড়ি ভরে উঠেছিল সাজসজ্জা আর প্রস্তুতির ব্যস্ততায়। সেই উৎসবই কয়েক ঘণ্টায় পরিণত হল শোকসভায়। শুক্রবার গভীর রাতে রহস্যজনক ভাবে মারা গেলেন বছর ২৫-এর শোভা (Shobha) এবং ২৩-এর বিমলা (Vimla)।
পুলিশের প্রাথমিক অনুমান—দু’জনেই কোনও বিষাক্ত পদার্থ (poisonous substance) খেয়ে ফেলেছিলেন। তবে মৃত্যুর কারণ শেষ পর্যন্ত নিশ্চিত করবে ময়নাতদন্ত (post-mortem) রিপোর্টই।
শুক্রবার রাত পর্যন্ত চলেছে বাড়ির বিয়ের সাজ। নাচ–গান, অতিথিদের আনাগোনা, রান্নার প্রস্তুতি—সব মিলিয়ে বাড়িতে উৎসবের হাওয়া। রাতে প্রায় মধ্যরাতের পর দুই হবু কনে ঘুমোতে যায়।
শনিবার ভোরবেলা, প্রায় চারটে নাগাদ, আচমকাই দুই বোনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের লোকজন আর দেরি করেননি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় যোধপুরের এক বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা জানান—দু’জনকেই মৃত অবস্থায় আনা হয়েছে।
যোধপুর পশ্চিম জেলার অ্যাডিসিপি (ADCP-West) রোশন মীণা (Roshan Meena) জানিয়েছেন, “রাত অবধি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ভোরের দিকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে দুই বোন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আর বাঁচাতে পারেননি।”
পরিবার তখনও পুরো ঘটনায় স্তব্ধ। শোকার্ত পরিবার বাড়িতেই শেষকৃত্যের প্রস্তুতি শুরু করে। কিন্তু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সমস্ত শেষকৃত্যের কাজ। দেহ উদ্ধার করে পাঠানো হয় মর্গে ময়নাতদন্তের জন্য।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিষ খাওয়ার আশঙ্কা মিলেছে ঠিকই, তবে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা রয়েছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট (suicide note) পাওয়া যায়নি। পরিবার বা প্রতিবেশীদের বয়ানেও মিলছে না কোনও স্পষ্ট সূত্র। ফলে তদন্তের দিক বদলে যেতে পারে রিপোর্ট হাতে এলে।
যে বাড়িতে একসঙ্গে দুই মেয়ের বিয়ে উপলক্ষে খুশির হাওয়া বইছিল, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই বাড়িতেই নেমে এসেছে গভীর শোক। একাধিক প্রশ্ন উঠছে অন্দরেই।