তামিলনাড়ুর রামনাথপুরম জেলার এমনেশ্বরমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হল মাত্র আড়াই বছরের এক শিশু। অভিযোগ, কাকা নিজেই ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 23 May 2025 10:53
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর রামনাথপুরম জেলার এমনেশ্বরমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হল মাত্র আড়াই বছরের এক শিশুকন্যা। অভিযোগ, কাকা নিজেই ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুটির নাম লেমোরিয়া। তার বাবা-মা, দেশিংগু রাজা এবং ডেইজি, এমনেশ্বরম এলাকাতেই থাকেন।
বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে খেলা করছিল লেমোরিয়া ও তার কাকা সঞ্জয়। আচমকাই সঞ্জয় শিশুটিকে বাড়ির পিছনে নিয়ে যায়। সেখানে একটি ধারালো ছুরি দিয়ে শিশুটির মাথা কেটে শরীর থেকে আলাদা করে ফেলে বলে অভিযোগ। এরপর কাটা মাথাটি পাশের একটি পুকুরে ছুড়ে ফেলে দেয় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এমনেশ্বরম থানা পুলিশ। ফায়ার ও রেসকিউ টিমের সহায়তায় উদ্ধার করা হয় শিশুটির দেহ এবং মাথা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পারমাকুদি সরকারি হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জয় মানসিকভাবে অসুস্থ। ঘটনার পর পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। বর্তমানে সে হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীরা জানতে চাইছেন, মানসিক অসুস্থতার কারণে এই খুন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।
অন্যদিকে কেরলের এর্নাকুলম জেলার চেঙ্গামানাড় এলাকায় ৩৬ বছরের এক মহিলা তাঁর চার বছরের মেয়েকে নদীতে ছুড়ে খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছেন। নিহত শিশুটির নাম কল্যাণী। তার মা সান্ধ্যা নিজেই পরে পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সান্ধ্যা একটি সেতুর উপর থেকে শিশুটিকে নদীতে ফেলে দেন। ঘটনার পরে উদ্ধারকার্য শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর। তল্লাশির পরে মঙ্গলবার সকালে উদ্ধার হয় শিশুর দেহ।
শিশুটির ময়নাতদন্তে শরীরে একাধিক চোটের চিহ্ন পাওয়া যায়। এর ভিত্তিতে বৃহস্পতিবার আরও এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। এই দুই মর্মান্তিক ঘটনায় তামিলনাড়ু ও কেরলের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।