কেরলের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হস্টেলে দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার।
মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 January 2026 12:07
দ্য ওয়াল ব্যুরো: কেরালায় হস্টেলের ঘর থেকে উদ্ধার হল দুই কিশোরীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার ভোরে কোল্লামে (Kollam) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (Sports Authority of India) হস্টেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, মৃত দুই নাবালিকার বয়স যথাক্রমে ১৭ ও ১৫ বছর। একজন কোঝিকোড় (Kozhikode) এবং অন্যজন তিরুবনন্তপুরম (Thiruvananthapuram)-এর বাসিন্দা। বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা নাগাদ অন্য আবাসিকরা লক্ষ্য করেন, নির্ধারিত সকালের প্রশিক্ষণে দুই কিশোরী হাজির হয়নি। একাধিকবার দরজায় ধাক্কা দিয়েও সাড়া না মেলায় হস্টেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ঢোকে। ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দু’জনকে।
পুলিশ জানিয়েছে, ১৭ বছরের কিশোরীটি অ্যাথলেটিক্সের প্রশিক্ষ নিচ্ছিল এবং দ্বাদশ শ্রেণির ছাত্রী। অন্যদিকে ১৫ বছরের কিশোরীটি কাবাডি (Kabaddi) খেলোয়াড়, পড়ত দশম শ্রেণিতে। জানা গিয়েছে, ১৫ বছরের কিশোরীটির আলাদা ঘর থাকলেও বুধবার রাতে সে ১৭ বছরের কিশোরীর ঘরেই ছিল। ভোরের দিকে অন্য হোস্টেল আবাসিকরা দু’জনকেই দেখেছিলেন। সম্ভবত তারপরই এই ঘটনা ঘটে।
ঘর থেকে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার হয়নি। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কোল্লাম পুলিশ (Kollam Police)। হস্টেলের নিরাপত্তা, মানসিক চাপ বা অন্য কোনও কারণ ছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
খেলাধুলোর স্বপ্ন নিয়ে এসএআই হোস্টেলে থাকা দুই কিশোরীর এমন পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা। পরিবারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।