পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় ও লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগে— পারভেজ আহমদ জোথার ও বশির আহমদ জোথার নামে দু'জনে গ্রেফতার (Arrest) করা হয়েছে।

শেষ আপডেট: 22 June 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার (Pahelgam Attack) ঠিক দু’মাস পর কাশ্মীর থেকে দু’জনকে গ্রেফতার করল এনআইএ (NIA)। পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় ও লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগে— পারভেজ আহমদ জোথার ও বশির আহমদ জোথার নামে দু'জনে গ্রেফতার (Arrest) করা হয়েছে।
এনআইএ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, “পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডে বড় সাফল্য মিলেছে। পারভেজ ও বশির নামের দু'জনকে গ্রেফতার করা হয়েছে, যারা হামলাকারী তিন জঙ্গিকে আশ্রয় দিয়েছিল। ওই তিনজন পাকিস্তানি নাগরিক এবং নিষিদ্ধ লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সদস্য।”
পারভেজ ও বশিরকে গ্রেফতার করা হয়েছে ইউএপিএ আইনের ১৯ নম্বর ধারায়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও বহু গুরুত্বপূর্ণ তথ্য, এমনটাই দাবি করেছে তদন্তকারী সংস্থা।
তদন্তকারীরা জানিয়েছেন, পারভেজ ও বশির নিজেরাই স্বীকার করেছে যে, পাহেলগামের হিল পার্ক এলাকায় এক মৌসুমি ‘ঢোক’-এ (পাহাড়ি কুঁড়েঘর) তিন সশস্ত্র জঙ্গিকে আশ্রয় দিয়েছিল তারা। শুধু আশ্রয়ই নয়, খাবার, যোগাযোগ ও অস্ত্র পরিবহণের মতো কাজে পুরোপুরি সাহায্যও করা হয়েছিল।
২৩ এপ্রিল, পহেলগামের বৈসরণ উপত্যকায় ঢুকে গুলি চালিয়েছিল চার জঙ্গি। হিন্দু পর্যটকদের ধর্ম জানতে চেয়ে কাছ থেকে গুলি করে হত্যা করেছিল তারা। প্রাণ গিয়েছিল ২৬ জন পর্যটকের।
এনআইএ আরও বলেছে, “এই হামলা ছিল ধর্মীয় পরিচয় দেখে নিশানা করার এক ভয়ঙ্কর উদাহরণ। শুধু তাই নয় সাম্প্রতিককালের অন্যতম নৃশংস জঙ্গি হামলা।”
এই ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে ওঠে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও সীমান্তের ওপারে জঙ্গিঘাঁটিতে 'অপারেশন সিঁদুর' করে এয়ার স্ট্রাইক চালায় ভারত।