প্রধানমন্ত্রীর সফরের আগেই তোলপাড় দেরাদুন! ভুয়ো বিয়ে করে ভারতে বসবাসের অভিযোগে ধরা পড়লেন দুই বাংলাদেশি মহিলা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 November 2025 07:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফের বাংলাদেশি নাগরিক গ্রেফতারের ঘটনা সামনে এল। দিন কয়েক আগে গুজরাটের আমেদাবাদে ১৭ জন বাংলাদেশি নাগরিক ধরা পড়ার পর, এবার উত্তরাখণ্ডের দেরাদুন থেকে গ্রেফতার করা হলো দুই বাংলাদেশি মহিলাকে। তাঁরা বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন বলে দাবি করেছে পুলিশ।
শনিবার বারাণসী থেকে চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাঁর দেরাদুন যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি উত্তরাখণ্ড রাজ্যের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে দেরাদুন এলাকায় জোরদার নিরাপত্তা অভিযান চালানো হয়। এই বিশেষ অভিযানের সময়েই গত শুক্রবার দেরাদুনের প্যাটেলনগর এলাকা থেকে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
কীভাবে ধরা পড়লেন তাঁরা?
পিটিআই সূত্রে খবর, ধৃত ওই দুই মহিলার নাম স্বাতী উপাধ্যায় ওরফে মরিয়ম এবং শিলভি আখতার ওরফে জলি ওরফে সানা। মরিয়ম বাংলাদেশের বগুড়া জেলার এবং সানা কুমিল্লা জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সংস্কৃতি লোক কলোনি থেকে তাঁদের ধরা হয়। জেরায় তাঁরা দু'জনেই ভারতে বেআইনিভাবে প্রবেশ করার কথা স্বীকার করেছেন। তাঁরা একসঙ্গে ভারতে প্রবেশ করেননি, তবে বিভিন্ন এলাকায় থাকার পর দিল্লিতে মিলিত হন এবং পরে দেরাদুনে চলে আসেন।
আরও জানা গিয়েছে, ভারতে থাকার জন্য এই দেশের নাগরিকদের সঙ্গে তাঁরা বিয়েও করেন। ওই মহিলাদের কাছ থেকে তাঁদের বাংলাদেশি নাগরিকত্বের নথিও উদ্ধার করা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নিয়ম মেনেই তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে।