রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করছেন ৪৪ জন ভারতীয় নাগরিক। তাঁদের দ্রুত দেশে ফেরাতে রাশিয়া সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতের বিদেশ মন্ত্রক।

ফাইল চিত্র
শেষ আপডেট: 7 November 2025 23:59
দ্য ওয়াল ব্যুরো: ভাল বেতনের চাকরির প্রলোভনে রাশিয়ায় পাড়ি দেওয়া অনেক ভারতীয় নাগরিককেই সে দেশের সামরিক বাহিনীতে যুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে মোট ২৭ জন ভারতীয় নাগরিক রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করছেন। তবে শুক্রবার বিদেশ মন্ত্রকের নতুন বিবৃতিতে এই সংখ্যাটি আরও বেড়েছে বলে জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মোট ৪৪ জন ভারতীয় নাগরিক রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করছেন। এই বিষয়টি সামনে আসার পর ভারত সরকার দ্রুত তাঁদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, "গত কয়েক মাসে আমরা রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করছেন এমন বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের কথা জানতে পেরেছি। আমরা আবার রাশিয়া সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি, যাতে তাঁদের যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া হয়।"

মন্ত্রক জানিয়েছে যে, এই ভারতীয় নাগরিকদের পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার তাঁদের আশ্বস্ত করেছে যে সকলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য মস্কোর সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে। দ্রুত তাঁদের প্রত্যাবর্তন নিশ্চিত করার চেষ্টা চলছে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর, গত তিন বছরে বহু ভারতীয় নাগরিক কাজের লোভে রাশিয়ায় গিয়েছেন। পরবর্তীকালে তাঁদের রুশ সেনাবাহিনীতে পাঠানো হয়েছে বলে বার বার অভিযোগ উঠেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের জন্য একটি পরামর্শ জারি করেছে। রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত না হওয়ার জন্য সকল ভারতীয় নাগরিককে পরামর্শ দেওয়া হচ্ছে।