রান্নাঘর থেকে শিল্পমঞ্চ— টিটি জগন্নাথনের যাত্রা তাই শুধুই একজন শিল্পপতির গল্প নয়, বরং আধুনিক ভারতের মধ্যবিত্ত জীবনের এক নীরব বিপ্লবের ইতিহাস।

টিটি জগন্নাথন।
শেষ আপডেট: 26 January 2026 12:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রায় প্রতিটি রান্নাঘরে যে প্রেশার কুকারটি নিত্যদিনের সঙ্গী, সেই ‘প্রেসটিজ’-কে (Prestige Pressure Cooker) ঘরে ঘরে পরিচিত নাম করে তোলার নেপথ্যের মানুষ টিটি জগন্নাথন (T T Jagannathan) আর নেই। কিন্তু তাঁর কাজ, তাঁর উদ্ভাবন এবং তাঁর শিল্পদর্শন আজও ভারতীয় জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। সেই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত টিটি জগন্নাথনকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে (Padmashri Award 2026) ভূষিত করল ভারত সরকার।
গত বছরের অক্টোবরে ৭৭ বছর বয়সে প্রয়াত হন টিটি জগন্নাথন। বাণিজ্য ও শিল্প বিভাগে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি বিবৃতি।
‘কিচেন মোগল’ নামে পরিচিত টিটি জগন্নাথন ছিলেন টিটিকে প্রেস্টিজ গ্রুপের দীর্ঘদিনের কর্ণধার। তিনিই প্রেশার কুকারের জন্য উদ্ভাবন করেন বিখ্যাত GRS (Gasket Release System) সেফটি মেকানিজ়ম— যা রান্নাঘরের নিরাপত্তার মানই বদলে দেয়। এই উদ্ভাবনের ফলে প্রেশার কুকারের অতিরিক্ত চাপ নিরাপদে বেরিয়ে যেতে পারে, কমে যায় দুর্ঘটনার আশঙ্কা।
শুধু ভারতেই নয়, তাঁর হাত ধরেই ভারতীয় রান্নার সরঞ্জাম পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। আমেরিকা ও ব্রিটেনের মতো আন্তর্জাতিক বাজারেও প্রেস্টিজ ব্র্যান্ডের বিস্তার ঘটে তাঁর নেতৃত্বে। কয়েক দশক ধরে তিনি টিটিকে প্রেস্টিজ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন এবং সংস্থাটিকে একটি ঋণমুক্ত, শক্তিশালী শিল্পগোষ্ঠীতে পরিণত করেছেন।
প্রেস্টিজকে শুধুমাত্র প্রেশার কুকারের ব্র্যান্ড হিসেবে সীমাবদ্ধ রাখেননি টিটি জগন্নাথন। তাঁর নেতৃত্বে এই সংস্থা ধীরে ধীরে হয়ে ওঠে একটি সম্পূর্ণ ‘কিচেন সলিউশন’ ব্র্যান্ড—যার পরিসরে রয়েছে কুকওয়্যার থেকে শুরু করে বৈদ্যুতিক রান্নার যন্ত্র, আধুনিক গৃহস্থালির নানা প্রয়োজনীয় সামগ্রী।
টিটিকে প্রেস্টিজ বোর্ডে প্রায় ৫০ বছর যুক্ত ছিলেন তিনি। চেয়ারম্যান এমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছিলেন মৃত্যুর আগেও। শিল্পক্ষেত্রের বাইরেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। স্বাস্থ্য পরিষেবা, স্যানিটেশন এবং শিক্ষা ক্ষেত্রে তিনি একাধিক সামাজিক উদ্যোগে যুক্ত ছিলেন বলেও জানিয়েছে সরকার।
একজন মেধাবী ছাত্র হিসেবেও তাঁর পরিচিতি ছিল অনন্য। আইআইটি মাদ্রাজ থেকে স্বর্ণপদকপ্রাপ্ত এই শিল্পপতি কর্নেল বিশ্ববিদ্যালয় (আমেরিকা) থেকে অপারেশন্স বিষয়ে পিএইচডি করেন। তিনি নিজে রান্না করতে ভালবাসতেন এবং একাধিকবার বলেছেন—তাঁর উদ্ভাবনী ভাবনার শুরুটা হতো রান্নাঘর থেকেই।
নিজের শিল্পজীবনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন জনপ্রিয় বই ‘Disrupt And Conquer – How TTK Prestige Became A Billion Dollar Company’-এ, যা আজও ভারতীয় কর্পোরেট জগতের একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স।
এক সময় বলা হয়েছিল, “এই ব্র্যান্ডই ভারতীয় রান্নাঘরের ভাষা বদলে দিয়েছে।” আজ পদ্মশ্রী সম্মান সেই কথাকেই যেন সরকারি স্বীকৃতি দিল। রান্নাঘর থেকে শিল্পমঞ্চ— টিটি জগন্নাথনের যাত্রা তাই শুধুই একজন শিল্পপতির গল্প নয়, বরং আধুনিক ভারতের মধ্যবিত্ত জীবনের এক নীরব বিপ্লবের ইতিহাস।