৩২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার অনুনয় সুদ। লাস ভেগাস থেকে করা ছিল তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্ট। অনুনয়ের মৃত্যুতে শোকস্তব্ধ ভক্ত ও অনুরাগীরা।

অনুনয় সুদ
শেষ আপডেট: 6 November 2025 18:25
দ্য ওয়াল ব্যুরো: ভারতের জনপ্রিয় ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার (Travel Influencer) অনুনয় সুদ (Anunay Sood) আর নেই। বৃহস্পতিবার সকালে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয় এই সংক্রান্ত। পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।
পোস্টে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় অনুনয় সুদ আর আমাদের মধ্যে নেই। এই কঠিন সময়ে অনুগ্রহ করে পরিবারকে কিছুটা সময় ও গোপনীয়তা দিন।’ পোস্টে তাঁর বাসস্থানের আশপাশে ভিড় না জমানোর জন্যও অনুরোধ করা হয়।
সুদ ছিলেন ভারতের অন্যতম পরিচিত ট্র্যাভেল ব্লগার ও ইউটিউবার (YouTuber)। তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস (Las Vegas) থেকে। সেখানে ‘Wynn Concours 2025’-এর একটি বিলাসবহুল গাড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‘Still can’t believe I spent the weekend surrounded by legends and dream machines,’— লিখেছিলেন শেষ ইনস্টাগ্রাম পোস্টে। ছবিগুলির একটিতে দেখা গিয়েছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ (Fast and Furious) অভিনেতা সাং ক্যাংয়ের (Sung Kang) সঙ্গে দাঁড়িয়ে আছেন অনুনয়।
সুদ দু’দিন আগেই ইউটিউবে নিজের শেষ ভিডিও প্রকাশ করেন—‘Exploring the Hidden Side of Switzerland | Places Tourists Never Visit’।
দুবাই-ভিত্তিক মার্কেটিং সংস্থা ‘মেটা সোশ্যাল’-এর সহ–প্রতিষ্ঠাতা ছিলেন অনুনয় সুদ। পেশাগত জীবনের শুরু করেছিলেন বিক্রয় ও বিপণন বিভাগে। পরে বল্ট স্পোর্টস টেকনোলজিস (Boltt Sports Technologies)–এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি কিছুদিন ‘এআই ন্যাফিস প্রপার্টিস’–এর সঙ্গেও যুক্ত ছিলেন।
মূলত ট্র্যাভেল ব্লগিংয়ের মাধ্যমেই জনপ্রিয়তা পান ৩২-এর যুবক। প্রায় ৪ লক্ষ সাবস্ক্রাইবার-সহ তাঁর ইউটিউব চ্যানেলে নিয়মিত ট্র্যাভেল কনটেন্ট পোস্ট করতেন। ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ইন্ডিয়া (National Geographic India), কনডে নাস্ট ট্র্যাভেলার (Conde Nast Traveller India) ও লোনলি প্ল্যানেট ইন্ডিয়া (Lonely Planet India)-তে।
২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় ৪০টি দেশ ভ্রমণ করেছেন। তিন বছর ধরে (২০২২, ২০২৩, ২০২৪) ‘Forbes India Top 100 Digital Stars’-এর তালিকায় স্থান পেয়েছিলেন। কাজ করেছেন একাধিক আন্তর্জাতিক ট্যুরিজম বোর্ডের সঙ্গে—যেমন ‘Switzerland Tourism’, ‘Visit Saudi’ এবং টেলিকম সংস্থা ‘Airtel’।
ইনস্টাগ্রামে অনুনয়ের অনুসারী সংখ্যা ছিল ১৪ লক্ষেরও বেশি। তাঁর মৃত্যুতে ট্র্যাভেল ও কনটেন্ট ক্রিয়েটর মহলে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে তাঁর মৃত্যু হল এনিয়ে এখনও কিছু জানা যায়নি।