আজ থেকে কার্যকর হল ট্রেনের নতুন ভাড়া। দূরত্ব ও কোচভেদে যাত্রীদের টিকিটে কত টাকা বেশি গুনতে হবে, জেনে নিন।

ভারতীয় রেল (ফাইল ছবি)
শেষ আপডেট: 26 December 2025 10:49
দ্য ওয়াল ব্যুরো: আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষে আজ অর্থাৎ শুক্রবার থেকে দূরপাল্লার সমস্ত ট্রেনের ভাড়া বাড়াচ্ছে রেল। বছরে এনিয়ে দ্বিতীয়বার। মন্ত্রকের দাবি, যাত্রীদের সাধ্যের মধ্যে ভাড়া রাখার পাশাপাশি পরিষেবা ও পরিচালন ব্যবস্থার টেকসই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন ছিল, তাই এই সিদ্ধান্ত।
এই ভাড়া বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই কার্যকর। শহরতলির পরিষেবা (Suburban Services) এবং সিজন টিকিটের (Season Tickets) ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না, তা সে শহরতলি হোক বা নন-সাবার্বান রুট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন ভাড়া কার্যকর হবে শুধুমাত্র ২৬ ডিসেম্বর বা তার পরে বুক করা টিকিটে। তার আগে যাঁরা টিকিট কেটেছেন, যাত্রার দিন পরে হলেও তাঁদের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।
দ্বিতীয় শ্রেণির সাধারণ কোচে কত বাড়ল ভাড়া
রেলের নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির সাধারণ (Second Class Ordinary) কোচে দূরত্বভিত্তিক ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
স্লিপার ও ফার্স্ট ক্লাসে পরিবর্তন
স্লিপার ক্লাস সাধারণ (Sleeper Class Ordinary) এবং ফার্স্ট ক্লাস সাধারণ (First Class Ordinary) কোচে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ দূরত্ব যত বাড়বে, টিকিটের দামও তত ধাপে ধাপে বাড়বে।
মেল ও এক্সপ্রেস ট্রেনে বাড়তি খরচ
মেল ও এক্সপ্রেস (Mail and Express) ট্রেনের ক্ষেত্রে নন-এসি এবং এসি—দুই ধরনের কোচেই প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বেড়েছে। এর আওতায় পড়ছে স্লিপার, ফার্স্ট ক্লাস, এসি চেয়ার কার (AC Chair Car), এসি থ্রি-টিয়ার (AC 3-Tier), এসি টু-টিয়ার (AC 2-Tier) এবং এসি ফার্স্ট ক্লাস (AC First Class)। রেলের হিসেব অনুযায়ী, নন-এসি মেল বা এক্সপ্রেস ট্রেনে ৫০০ কিলোমিটার যাত্রা করলে যাত্রীদের গুনতে হবে প্রায় ১০ টাকা বেশি।
কোন কোন ট্রেনে লাগু হচ্ছে নতুন ভাড়া
এই নতুন ভাড়া কাঠামো লাগু হবে দেশের প্রায় সব প্রধান দূরপাল্লার ট্রেনে। তালিকায় রয়েছে তেজস রাজধানী (Tejas Rajdhani), রাজধানী (Rajdhani), শতাব্দী (Shatabdi), দুরন্ত (Duronto), বন্দে ভারত (Vande Bharat), হামসফর (Humsafar), অমৃত ভারত (Amrit Bharat), তেজস (Tejas), মহামানা (Mahamana), গতিমান (Gatimaan), অন্ত্যোদয় (Antyodaya), গরিব রথ (Garib Rath), জন শতাব্দী (Jan Shatabdi), যুব এক্সপ্রেস (Yuva Express) এবং নমো ভারত র্যাপিড রেল (Namo Bharat Rapid Rail)।
যা অপরিবর্তিত থাকছে
রেল পরিষ্কার জানিয়েছে, সংরক্ষণ ফি (Reservation Fees), সুপারফাস্ট সারচার্জ (Superfast Surcharge) বা অন্যান্য অতিরিক্ত চার্জে কোনও পরিবর্তন হচ্ছে না। জিএসটি (GST) আগের নিয়মেই লাগবে এবং ভাড়া রাউন্ড অফ হবে প্রচলিত নিয়ম অনুযায়ী।
রেল মন্ত্রকের বক্তব্য, 'এই ভাড়া কাঠামো যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রেখেই রেল পরিচালনার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার এক ভারসাম্যপূর্ণ প্রয়াস।' তবে কলকাতার দূরপাল্লার যাত্রীদের একাংশ বলছেন, টিকিটের অঙ্কটা ছোট হলেও নিয়মিত যাতায়াতে এই বাড়তি টাকা যে টের পাওয়া যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।