তৃণমূলের মহিলা সাংসদদের অভিযোগ, লোকসভায় হই-হট্টগোলের মাঝে বিজেপি সাংসদদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন তাঁরা।

মিতালি বাগ এবং শতাব্দী রায়
শেষ আপডেট: 20 August 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় (Loksabha) সংবিধান সংশোধনী বিল প্রস্তাবকে ঘিরে সকাল থেকেই তীব্র অশান্তি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) দিকে কাগজ ছোড়ার মতোও ঘটনা ঘটেছে। তবে তৃণমূলের মহিলা সাংসদরা যে অভিযোগ করেছেন তা বিস্ফোরক। বিল পেশের পর তাঁদের হেনস্থা করা হয়েছে বলে দাবি।
তৃণমূলের মহিলা সাংসদদের অভিযোগ, লোকসভায় হই-হট্টগোলের মাঝে বিজেপি সাংসদদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন তাঁরা। শতাব্দী রায় (Satabdi Roy), মিতালি বাগ (Mitali Bag) সহ একাধিক সাংসদের দাবি, তাঁদের ধাক্কা মারা হয়েছে। সংসদ ভবনের বাইরে বেরিয়ে এই নিয়ে সরব হন আরামবাগের সাংসদ মিতালি বাগ। তাঁর অভিযোগ, বিজেপি সাংসদ রভনীত সিং বিট্টু এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) সরাসরি তাঁদের সঙ্গে হেনস্থা করেছেন।
মিতালির বক্তব্য, ‘‘গণতন্ত্র বাঁচানোর দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছিলাম। হঠাৎ আসন ছেড়ে উঠে আমাদের দিকে ছুটে আসেন বিট্টু ও রিজিজু। এক সহকর্মীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। আমাকেও ধাক্কা দেওয়া হয়েছে।'' বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও জানান, তাঁকেও ধাক্কা দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি সাংসদরা ইচ্ছাকৃতভাবে প্রতিবাদ আটকে দেওয়ার চেষ্টা করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অবশ্য বক্তব্য, বিক্ষোভ দেখানোর সময় কেন্দ্রীয় মন্ত্রীদের দিকে ধেয়ে এসেছিলেন বিরোধী সাংসদরা, তারাও পাল্টা স্লোগান দেন। কিন্তু কাউকে আক্রমণ করা হয়নি। আসলে তৃণমূল সাংসদরা দোষ করেছেন, এখন তা ঢাকতে পাল্টা অভিযোগ করা হচ্ছে বলে কটাক্ষ বিজেপির।