টিকটক (TikTok) কি সত্যিই ফের চালু হয়ে গেল? শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এমনই কানাঘুষো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য।

ফাইল ছবি।
শেষ আপডেট: 23 August 2025 07:24
দ্য ওয়াল ব্যুরো: টিকটক (TikTok) কি সত্যিই ফের চালু হয়ে গেল? শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এমনই কানাঘুষো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য। কেউ লিখলেন—“ওয়েবসাইট খুলছে!” কেউ বা জানালেন, “ভিডিয়ো দেখা যাচ্ছে না, কিন্তু সাইট অ্যাক্সেস করা যাচ্ছে।” শেষমেশ সরকারি সূত্রই জল্পনার ইতি টানল।
এ ব্যাপারে সরকারের বক্তব্য স্পষ্ট—“ভারতে টিকটক আনব্লক করার কোনও নির্দেশ দেওয়া হয়নি (TikTok Still Blocked)। এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর।”
অর্থাৎ যেভাবে হঠাৎ ওয়েবসাইট অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছিল, তা আসলে প্রযুক্তিগত গোলমাল বলেই মনে করছে তথ্যপ্রযুক্তি দফতর। কারণ এখনও পর্যন্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি অ্যাপ এবং ওয়েবসাইট দু’টোই আটকে রেখেছে। ফলে লগ ইন করা, ভিডিও আপলোড করা বা দেখা—কিছুই সম্ভব হচ্ছে না। পাশাপাশি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেও টিকটক অ্যাপ নেই।
অবাক করার বিষয়, এই সময়েই কয়েক জন ব্যবহারকারী জানিয়েছেন, চিনের অনলাইন শপিং প্ল্যাটফর্ম আলিএক্সপ্রেস-ও নাকি অ্যাক্সেস করা যাচ্ছিল। যদিও সেটাও নিষিদ্ধ অ্যাপগুলির তালিকাতেই রয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে গালওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পরই একঝটকায় ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করে কেন্দ্র। অভিযোগ ছিল, এই অ্যাপগুলি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য লঙ্ঘন করছে এবং গোপনে ডেটা সংগ্রহ করে তা গুপ্তচরবৃত্তি কিংবা ম্যালওয়্যারের কাজে লাগানো হচ্ছে।
এই অবস্থায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের শেষে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিয়ানজিনে, তার আগেই টিকটক ও আলিএক্সপ্রেস নিয়ে এই জল্পনা নতুন করে কৌতূহল বাড়িয়ে দিল। তবে আপাতত সরকারি বার্তা একটাই—‘ব্যান’ এখনই উঠছে না।