গুজরাতই (Gujarat News) দেশের একমাত্র রাজ্য, যেখানে একই সঙ্গে বাস করছে এশীয় সিংহ, চিতাবাঘ এবং বাঘ। বনমন্ত্রী অর্জুন মোধবাদিয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “গুজরাতের বহুমাত্রিক বাস্তুতন্ত্র আবারও প্রমাণ করল— জটিল বন্যপ্রাণী জনসংখ্যা বহন করার যোগ্যতায় আমরা অনন্য।”

রাজকীয় প্রত্যাবর্তন
শেষ আপডেট: 20 November 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: তিন দশকেরও বেশি সময় আগে গুজরাতে বাঘকে (Gujarat Tiger) সরকারিভাবে ‘অদৃশ্য’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই ইতিহাস পাল্টে ফেলে প্রায় চার বছরের একটি বাঘ গত ন’মাস ধরে রতনমহল (RatanMahal) অভয়ারণ্যের ঘন জঙ্গলকে নিজের নতুন ঠিকানা করে নিয়েছে। গুজরাতের বন-সংরক্ষণ অধ্যায়ে এটি এক ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
এর ফলে গুজরাতই (Gujarat News) দেশের একমাত্র রাজ্য, যেখানে একই সঙ্গে বাস করছে এশীয় সিংহ, চিতাবাঘ এবং বাঘ। বনমন্ত্রী অর্জুন মোধবাদিয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “গুজরাতের বহুমাত্রিক বাস্তুতন্ত্র আবারও প্রমাণ করল— জটিল বন্যপ্রাণী জনসংখ্যা বহন করার যোগ্যতায় আমরা অনন্য।”
কোথা থেকে এল এই বাঘ?
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঘটি এসেছে মধ্যপ্রদেশের জঙ্গল থেকে। ক্যামেরা ট্র্যাপ ও সিসিটিভি ফুটেজে তার গতিবিধি নথিবদ্ধ হচ্ছে নিয়মিতই। বাঘ যেন নির্বিঘ্নে থাকতে পারে, সেই কারণে অভয়ারণ্যে খাদ্যশৃঙ্খল শক্তিশালী করতে শুরু হয়েছে চিতল ও সাম্বর হরিণ পুনর্বাসনের কাজও।
অস্থায়ী দর্শনার্থী নয়, স্থায়ী বাসিন্দা
আটের দশক কিংবা ২০০০-এর শুরুর মতো ক্ষণিক উপস্থিতি নয়, এই বাঘ দীর্ঘ সময় ধরে গুজরাতের সীমানার মধ্যেই রয়েছে। বন দফতর প্রকাশ করেছে তার পরিষ্কার, দিনের আলোয় তোলা ছবি— যা প্রমাণ করে সে এখন রতনমহলের স্থায়ী বাসিন্দা।
বিশেষজ্ঞদের মতে, এ এক সুস্পষ্ট ইঙ্গিত, রাজ্যের জঙ্গলে বাঘের পুনরুত্থানের পথ খুলে যেতে পারে। ঠিকঠাক বাস্তুসংস্থান, নিরাপদ পরিসর ও পর্যাপ্ত শিকার, সব মিলিয়ে রতনমহল ক্রমশ নতুন বাঘ-আবাসে পরিণত হচ্ছে।
গুজরাতের বন্যপ্রাণ সংরক্ষণে যে নতুন সোনালি অধ্যায় শুরু হল, তার কেন্দ্রে দাঁড়িয়ে এখন সেই ‘ফিরে-আসা’ বাঘটি।