প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেখা গেল জয়পুর ওয়াচ কোম্পানির তৈরি ‘রোমান বাঘ’ ঘড়ি। ডায়ালে বসানো আছে ১৯৪৭ সালের এক টাকার মুদ্রা।

‘রোমান বাঘ’ ঘড়ি
শেষ আপডেট: 19 November 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: আবারও ভারতীয় কারিগরি ও দেশীয় শিল্পের প্রতি সবার নজর ফেরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। গত সেপ্টেম্বর থেকে নভেম্বর, একাধিক জনসভা ও সরকারি অনুষ্ঠানে তাঁর হাতে দেখা গিয়েছে জয়পুর ওয়াচ কোম্পানির (Jaipur Watch Company) তৈরি এক বিশেষ ঘড়ি (Special Watch)। ঘড়িটির নাম ‘রোমান বাঘ’ (Roman Baagh)।

১৯৪৭ সালের এক টাকার মুদ্রা 'ঘড়ির প্রাণ'
ঘড়িটির সবচেয়ে বড় আকর্ষণ এর ডায়াল। সেখানে বসানো রয়েছে স্বাধীনতার বছর ১৯৪৭-এর একটি আসল এক টাকার মুদ্রা (1947 one rupee coin dial), যেখানে খোদাই করা আছে ভারতের প্রতীকী ‘হাঁটতে থাকা বাঘ’ (Tiger in watch dial))। শুধু নকশা নয়, এই মুদ্রা সেই সময়ের ভারতের পরিবর্তনের প্রতীক।
স্টিল বডি, অটোমেটিক মুভমেন্ট
‘রোমান বাঘ’-এর কেস ৪৩ মিমি, তৈরি হয়েছে টেকসই ৩১৬এল স্টেইনলেস স্টিল দিয়ে। ভিতরে রয়েছে জাপানের মিয়োটা অটোমেটিক মুভমেন্ট—যা দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত। ঘড়ির পিছনে ট্রান্সপারেন্ট কেসব্যাক, ফলে ভেতরের মেকানিজম চোখে দেখা যায়। সামনে ও পিছনে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহারের কারণে সহজে স্ক্র্যাচ পড়ে না। ৫ এটিএম ওয়াটারপ্রুফ থাকায় দৈনন্দিন ব্যবহারের জন্যও যথেষ্ট উপযোগী।

এই বিশেষ ঘড়িটির দাম প্রায় ৫৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত হয়। বিলাসবহুল ঘড়ির জগতে এটি তুলনামূলকভাবে ‘অ্যাক্সেসিবল’ বা নাগালের মধ্যেই। শুধু ঘড়ি নয়, এর প্রতিটি অংশে রয়েছে গল্প, ইতিহাস এবং সূক্ষ্ম কারিগরির ছাপ।
দেশীয় ব্র্যান্ডের সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী
গৌরব মেহতার প্রতিষ্ঠিত জয়পুর ওয়াচ কোম্পানি বরাবরই মুদ্রা, ডাকটিকিট, ঐতিহ্যবাহী ভারতীয় মোটিফ, এসবকে ঘড়ির নকশায় রূপ দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছে। প্রধানমন্ত্রী মোদির হাতে ‘রোমান বাঘ’ দেখা যাওয়ায় দেশীয় ঘড়ি শিল্পের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।