
চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে বিজেন্দরকে
শেষ আপডেট: 20 February 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে ধুলো উড়বে, চাকা ঘুরবে-- ঘুরেছে। সময়ের ব্যবধান দশ বছর। ঘটনা হল, ঠিক এই দশ বছর আগেই বিজেপির বিজেন্দর গুপ্তকে দিল্লি বিধানসভা থেকে কার্যত চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল দলেরই এক সহকর্মী ওপি শর্মা তৎকালীন আপ বিধায়ক অলকা লাম্বার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
বিধানসভার ভেতরের ওই ভয়াবহ ভিডিওতে দেখা যায় সাদা কুর্তা-পাজামা পরিহিত বিজেন্দরকে একপ্রকার চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছেন। চিৎকার করছেন এবং মোচড় দিচ্ছেন, আধ ডজন মার্শাল। বিজেপি নেতা টেবিলপত্তর শক্ত করে ধরে প্রতিরোধ করার চেষ্টা করছেন। আজ সেই বিজেন্দরই দিল্লির স্পিকার।
বিজেন্দর গুপ্ত, যিনি আগে বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন। রোহিণী থেকে নির্বাচিত বিধায়কও বটে। ৩৭ হাজারেরও বেশি ভোটে আাম আদমি পার্টির (এএপি) প্রদীপ মিত্তালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। দিল্লি বিজেপির সভাপতি ছিলেন বিজেন্দর। এছাড়াও দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যানের পদও সামলেছেন।
বস্তুত, ২৭ বছর পরে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। অন্য দিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। তারা পেয়েছে মাত্র ২২টি আসন। কেজরীওয়াল নিজের নয়াদিল্লি কেন্দ্রেই বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে হেরে গিয়েছেন।