পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে শিশু-সহ মোট ন’জন যাত্রী ছিলেন।

শেষ আপডেট: 18 December 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের (Uttarakhand) নৈনিতাল (Nainital) জেলার ভোয়ালির কাছে বৃহস্পতিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় (accident) প্রাণ হারালেন তিন জন পুণ্যার্থী। আহত হয়েছেন আরও ছ’জন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে শিশু-সহ মোট ন’জন যাত্রী ছিলেন।
জানা গিয়েছে, একটি স্করপিও গাড়ি উত্তরপ্রদেশের বরেলি (Bareilly Uttar Pradesh) জেলার ইজ্জত নগর এলাকা থেকে বাবা নীম করোলি ধামের (Baba Neem Karoli Dham) উদ্দেশে রওনা দিয়েছিল। গন্তব্য ছিল নৈনিতালের কাছেই অবস্থিত বিখ্যাত নীম করোলি মহারাজের আশ্রম।
ভোয়ালি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনা
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ভোয়ালি পেট্রোল পাম্প থেকে আলমোড়ার দিকে প্রায় ৫০০ মিটার এগোনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নৈনিতাল জেলা পুলিশ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) এবং দমকল বাহিনীর দল। যৌথভাবে শুরু হয় উদ্ধারকাজ।
আহতদের চিকিৎসা, তদন্ত শুরু
দুর্ঘটনায় আহতদের প্রথমে ভোয়ালির কমিউনিটি হেলথ সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য উচ্চতর মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে দু’জন বরেলি জেলার চাওয়ান গ্রামের বাসিন্দা - গঙ্গা দেবী (৫৫) এবং ব্রিজেশ কুমারী (২৬)। তৃতীয় মৃতা ন্যান্সি গঙ্গওয়ার (২৪), যিনি বরেলি সংলগ্ন পিলিভিট এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি না চালকের অসাবধানতা, কোনটি দুর্ঘটনার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত সপ্তাহেই ভোর আন্দাজ ৪টে বা ৫টা নাগাদ অন্ধ্রপ্রদেশের তুলসীপাকালু গ্রামের কাছে পুণ্যার্থীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। চিত্তুর জেলা থেকে আসা ওই বাসটি ভদ্রাচলম মন্দিরে দর্শন সেরে অন্নভরমে ফিরছিল। হঠাৎই বাঁক নেওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে, রাস্তা থেকে ছিটকে খাদে উলটে যায়।
দুর্ঘটনার সময় বাসের ভিতরেই আটকে পড়েন বহু যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি এতটাই দুমড়ে-মুচড়ে গিয়েছিল যে উদ্ধারকর্মীদের তীব্র বেগ পেতে হয়। পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন। বাসে মোট ৩৫ জন যাত্রী ছাড়াও চালক এবং খালাসি ছিলেন।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করে কেন্দ্র।