পুলিশ সূত্রে খবর, কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা কম থাকাই সম্ভবত কারণ।

দুর্ঘটনাগ্রস্ত বাস
শেষ আপডেট: 12 December 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভোরবেলায় অন্ধ্রপ্রদেশে ফের মর্মান্তিক বাসদুর্ঘটনা (Andhra Pradesh bus accident)। শুক্রবার সকালে চিন্তুরু–ভদ্রাচলম রাস্তায় ৩৫ যাত্রী-সহ একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় (Chinturu bus crash)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৯ জনের। আহত বহু যাত্রী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই চিত্তুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা কম থাকাই সম্ভবত কারণ। ভোর আন্দাজ ৪টে বা ৫টা নাগাদ তুলসীপাকালু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। চিত্তুর জেলা থেকে আসা ওই বাসটি ভদ্রাচলম মন্দিরে দর্শন সেরে অন্নভরমে ফিরছিল। হঠাৎই বাঁক নেওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে, রাস্তা থেকে ছিটকে খাদে উলটে যায়।
এএসআর জেলার জেলাশাসক দিনেশ কুমার জানিয়েছেন, “এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের ভদ্রাচলম হাসপাতালে পাঠানো হয়েছে।” স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রথমে সাতজনকে চিত্তুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থিতিশীল হলে তাঁদের ভদ্রাচলমে পাঠানো হয়।
দুর্ঘটনার সময় বাসের ভিতরেই আটকে পড়েন বহু যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি এতটাই দুমড়ে-মুচড়ে গিয়েছিল যে উদ্ধারকর্মীদের তীব্র বেগ পেতে হয়। পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন। বাসে মোট ৩৫ জন যাত্রী ছাড়াও চালক এবং খালাসি ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র।
পিএমও-র এক্স–পোস্টে বলা হয়েছে, “অন্ধ্রপ্রদেশের অলুরি সীতারামা রাজু জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অত্যন্ত ব্যথিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”