উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা
শেষ আপডেট: 19 January 2025 23:47
দ্য ওয়াল ব্যুরো: বিহারের কাটিহারের গঙ্গায় আচমকাই উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছে একজন তিন বছরের শিশুও।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে আমদাবাদ এলাকার মেঘুঘাট থেকে নৌকাটি ঝাড়খণ্ডের সকরিঘাটের দিকে যাচ্ছিল।
পুরুষ, মহিলা, শিশু-সহ মোট ১৫ জন যাত্রী ছিলেন। কিন্তু গোলাঘাটের কাছে মাঝ গঙ্গায় আচমকাই উল্টে যায় নৌকাটি।
মৃতদের একজন পবন কুমার (৬০), অপরজন সুধীর মণ্ডল (৭০) এবং তিন বছরের এক শিশুও রয়েছে। জলে তলিয়ে যাওয়া চারজনকে নদী থেকে উদ্ধার করা হয় বাকি কয়েকজন সাঁতার কেটে কোনওরকমে প্রাণ বাঁচাতে পারলেও পাঁচজন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে চলছে জোর তল্লাশি।
ঘটনায় ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।
জানা গেছে, নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। সেকারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে সেটি উল্টে যায় বলে মত প্রত্যক্ষদর্শীদের। তবে কিভাবে এই নৌকাডুবির ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।