বাড়ির ভেতরে কোনও জিনিসপত্র তছনছ হয়নি। চুরি বা ডাকাতির কোনও চিহ্ন নেই। দামি সামগ্রীও অক্ষত অবস্থায় রয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 August 2025 20:26
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিল্লির ময়দান গারির একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের তিন সদস্যের দেহ। চাঞ্চল্যকর এই ঘটনায় হতবাক স্থানীয়রা। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা, তাঁর স্বামী এবং তাঁদের ছেলে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন হয়েছেন তিনজনই। তবে এখনও পর্যন্ত কোনও ডাকাতি বা চুরির প্রমাণ মেলেনি।
পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় প্রতিবেশীরা থানায় খবর দেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর তিনটি দেহ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন, রাজনি সিংহ (৪৫), তাঁর স্বামী প্রেম সিংহ (৫০) এবং তাঁদের ছেলে ঋতিক (২৪)।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাজনিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁর মুখ বাঁধা অবস্থায় দেহ পাওয়া যায়। আরেক ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন প্রেম সিংহ। তদন্তকারীদের অনুমান, মৃত্যুর আগে সেখানে হাতাহাতি হয়েছে। ঋতিকের দেহও উদ্ধার করা হয় একই বাড়ি থেকে।
তবে বাড়ির ভেতরে কোনও জিনিসপত্র তছনছ হয়নি। চুরি বা ডাকাতির কোনও চিহ্ন নেই। দামি সামগ্রীও অক্ষত অবস্থায় রয়েছে। ফলে তদন্তকারীরা ধারণা করছেন, ডাকাতির জন্য খুনের ঘটনা এটা নয়।
খবর পেয়েই ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। ফরেনসিক দলের বিশেষজ্ঞরা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ শুরু করেছেন। সিনিয়র অফিসাররাও ঘটনাস্থলে পৌঁছে তদন্তে তদারকি করছেন।