মৃত তরুণীর ভাই ভিকি পাইলা জানান, দাদরির বাড়িতে দেহ নিয়ে যাওয়া হলে শ্বশুরবাড়ির লোকেরা বারবার অনুরোধ করতে থাকেন যেন শেষকৃত্য তাঁদের হাতে করতে দেওয়া হয়।

নিক্কি ভাটি
শেষ আপডেট: 26 August 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: ২৮ বছরের নিক্কি ভাটিকে পণের দাবিতে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় তোলপাড় হয় দেশ। ২১ অগস্ট এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ইতিমধ্যেই নিক্কির স্বামী বিপিন ভাটি, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরকে গ্রেফতার করেছে। ঘটনাটির পর থেকে পরপর উঠে আসছে নতুন সব তথ্য ও চাঞ্চল্যকর অভিযোগ।
নিক্কির পরিবারের তরফে অভিযোগ, বিপিন ও তাঁর পরিবারের চাপেই নিক্কিকে আগুনে পুড়তে হয়। শুধু তাই নয়, নিক্কির দিদি কাঞ্চন, যিনি নিজেও ভাটি পরিবারের এক সদস্য রোহিত ভাটিকে বিয়ে করেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন।
সেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, আগুনে জ্বলছেন নিক্কি, শরীর ঝলসে গিয়ে ছুটে আসছেন সিঁড়ি দিয়ে নীচে। আরও একটি ভিডিওয় দেখা গিয়েছে, বিপিন নিক্কিকে মারধর করছেন। কাঞ্চনের দাবি, স্বামীর হাতে নির্যাতিত হওয়ার পরেই বিপিন নিক্কির গায়ে আগুন ধরিয়ে দেন।
মৃত তরুণীর ভাই ভিকি পাইলা জানান, দাদরির বাড়িতে দেহ নিয়ে যাওয়া হলে শ্বশুরবাড়ির লোকেরা বারবার অনুরোধ করতে থাকেন যেন শেষকৃত্য তাঁদের হাতে করতে দেওয়া হয়। প্রথমে পরিবার আপত্তি জানালেও, পরে কাঞ্চনের জোরাজুরিতে রাজি হয় নিক্কির পরিবার। ভিকির কথায়, ‘এটা ওদের শেষ ইচ্ছে ছিল। অনেক ভেবে আমরা সম্মতি দিই। আত্মীয়রাও বলেন, এতে না করলে ওদের সম্মানে আঘাত লাগবে।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পণের অঙ্ক নিয়ে মাসের পর মাস চলছিল দ্বন্দ্ব। নিক্কির স্বামী বিপিন সম্প্রতি ৩৫-৩৬ লক্ষ টাকা দাবিও করেছিলেন। অন্যদিকে, নিক্কি নিজের সৌন্দর্যচর্চার পার্লার ফের চালু করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এ নিয়ে স্বামীর সঙ্গে বারবার ঝামেলা চলছিল। অভিযোগ, বিপিনের বক্তব্য ছিল, ‘আমাদের পরিবারের মেয়েরা না ব্যবসা করবে, না সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকবে।’ এই নিয়েই একাধিকবার দাম্পত্য কলহও হয়।
ঘটনার দিনও নিক্কি পার্লার খোলার প্রসঙ্গ তোলেন। এর পরই তাঁকে মারধর করা হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে এর মাঝে নতুন এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিপিন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, আর সেই সময় আগুনে জ্বলছেন নিক্কি। ভিডিও প্রকাশ করে বিপিনের পরিবারের দাবি, ওইদিন সিলিন্ডার ব্লাস্ট করেছিল। নিক্কি তাতেই পুড়ে যান।
২০১৬ সালে নিক্কি ও কাঞ্চন ভাটি পরিবারের দুই ভাই বিপিন ও রোহিতকে বিয়ে করেছিলেন। দুই বোনের জীবনই তখন থেকে অন্ধকারের পথে গিয়েছে বলে অভিযোগ। বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এই নারকীয় ঘটনাকে ঘিরে।