এর আগে নয়াদিল্লি (New Delhi) শুধু সে দেশে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি করলেও মূল ঘটনা নিয়ে নীরব ছিল।

মোদী, মাদুরো, ট্রাম্প
শেষ আপডেট: 4 January 2026 14:42
দ্য ওয়াল ব্যুরো: সময় নিয়ে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট (Nicolas Maduro) অপহরণের ঘটনার পর প্রথম প্রতিক্রিয়া জানাল ভারত (India)। রোববার দুপুরে বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়, ভেনেজুয়েলার (Venezuela) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। এর আগে নয়াদিল্লি (New Delhi) শুধু সে দেশে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি করলেও মূল ঘটনা নিয়ে নীরব ছিল।
শনিবার রাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) সমাজমাধ্যমে ভেনেজুয়েলায় থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দেন। সেখানে বলা হয়, একান্ত প্রয়োজন না হলে আপাতত ভেনেজুয়েলা সফর এড়িয়ে চলাই শ্রেয়। সে দেশে বসবাসকারী ভারতীয়দের চলাফেরার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। জরুরি প্রয়োজনে কারাকাসের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দিষ্ট ই-মেল ও ফোন নম্বরও জানানো হয়েছে। শনিবারের নির্দেশিকায় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের পাশে দাঁড়াতে দূতাবাস সবরকম চেষ্টা করবে।
রোববার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, সমস্যা সমাধানের একমাত্র পথ শান্তিপূর্ণ আলোচনা। বলা হয়েছে, “ভেনেজুয়েলার সাধারণ মানুষের সুরক্ষা ও কল্যাণের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গোটা অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরছি।”
ঘটনার সূত্রপাত ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর। শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেন, আমেরিকার বাহিনী ভেনেজুয়েলায় ঢুকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। হোয়াইট হাউসের দাবি, মাদুরোকে তাঁর বাসভবন থেকে তুলে নিয়ে প্রথমে হেলিকপ্টারে মার্কিন নৌজাহাজে এবং পরে সরাসরি নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়।
রবিবার সকালে (ভারতীয় সময়) ব্রুকলিনের একটি ডিটেনশন ক্যাম্পে তাঁদের বন্দি করা হয়েছে বলে জানানো হয়। সেই ঘটনার ফুটেজও প্রকাশ করেছে হোয়াইট হাউজ। আটকের পর প্রথম প্রতিক্রিয়ায় মাদুরো কেবল বলেন, “গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার।” এই মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা করেছে চিন, রাশিয়া, ইরান ও কিউবার মতো একাধিক দেশ। আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা।