পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তি অনুষ্ঠান শুরুর আগেই মণ্ডপে এসে ডেসিবেল (কত জোরে মাইক বাজছে) মাপেন এবং মোবাইলে ভিডিও করেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 October 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির গরবায় মেতেছে গোটা দেশ। ৯ দিন জুড়ে নিরামিষ আহার করেন মানুষ। মাছ-ডিম-মাংস ছুঁয়ে পর্যন্ত দেখেন না তাঁরা। এর মধ্যেই এক আবাসনে গরবা চলাকালীন ডিম ছোড়ার অভিযোগে মামলা দায়ের হল এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার মীরা রোডের এক আবাসনের অনুষ্ঠানে।
অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এক ব্যক্তি ওপরতলা থেকে ডিম ছুঁড়ে অনুষ্ঠানে বাধা সৃষ্টি করেন। তিনি ওই সোসাইটিরই বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তি অনুষ্ঠান শুরুর আগেই মণ্ডপে এসে ডেসিবেল (কত জোরে মাইক বাজছে) মাপেন এবং মোবাইলে ভিডিও করেন। তিনি কয়েকবার পুলিশে ফোন করে শব্দদূষণের অভিযোগও জানান। কিছুক্ষণের মধ্যেই তাঁকে ১৬ তলা থেকে কিছু ফেলতে দেখা যায়। সেই সময় দুই মহিলা পুলিশকর্মীর কাছাকাছি ভাঙা ডিম পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা কাশিগাঁও থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই আবাসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার ভোরে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) ধারা ৩০০ অনুযায়ী মামলা দায়ের করা হয়, 'ধর্মীয় অনুষ্ঠান বা বৈধ সমাবেশে স্বেচ্ছায় ব্যাঘাত সৃষ্টি' -এর অভিযোগে।
তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।