
শেষ আপডেট: 30 March 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার মহাসমাবেশ হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে জোট নেতারা রামলীলা ময়দানের মঞ্চে সামিল হবেন। সেই মঞ্চে দেখা যাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সরেন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের স্ত্রী কল্পনাকে। শনিবারে বিশেষ বিমানে তাঁরা দিল্লি পৌঁছে গিয়েছে।
একটু আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সরকারি বাসভবনে যান কল্পনা। শোলে সিনেমার জনপ্রিয় গানের লাইনের অংশ আউরে কেজরিওয়াল পত্নী সুনীতাকে জড়িয়ে ধরে ছলছল চোখে বলেন, তেরা গম, মেরা গম। মানে আপনার দুঃখ আমারও দুঃখ। আপনার স্বামীর মতো আমার স্বামীকেও অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে।
দিল্লির আবগারি মামলায় কেজরিওয়াল এখন জেলে। যদিও খাতায়-কলমে তিনি এখনও পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও জেলে রয়েছে। তাঁর বিরুদ্ধে জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে দু'মাস আগে ইডি গ্রেফতার করে। তার আগে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। ঠিক ছিল তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হবেন কল্পনা।
কিন্তু হেমন্তের বড় ভাই প্রয়াত দুর্গার স্ত্রী বেঁকে বসায় বিধায়ক চম্পাই সরেনকে মুখ্যমন্ত্রী করেন হেমন্ত। তবে এটা স্টপ গ্যাপ, জানাই আছে। পরিস্থতির বদল হলে কল্পনাই হবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখ। আগামী নভেম্বরে ঝাড়খণ্ডে বিধানসভার ভোট। তার আগে হেমন্ত ছাড়া না পেলে কল্পনাই হবেন দলের মুখ্যমন্ত্রী প্রার্থী।
অন্যদিকে, স্বামী জেলে যাওয়ার পর সুনীতাও ক্রমে দলের মুখ হয়ে ওঠার চেষ্টা করছেন। জল্পনা ছড়িয়েছে,। কেজরিওয়ালের জামিন না হলে তিনিও বিহারের রাবড়ি দেবীর মতো দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন।