রোহিতের পরিবারের দাবি, তিনি বহুদিন ধরেই জীবনে কীভাবে এগোবেন, তা নিয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁকে বিষণ্ণতার ছায়া ঘিরে রেখেছিল। ঘটনার পর পুলিশ একটি মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু হয়েছে।

ঈশ্বরকে চিঠি লিখে ভাগ্যকে দুষলেন যুবক
শেষ আপডেট: 7 July 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: 'আমরা কি তোমার সন্তান নই', ভাগ্যের উপর ক্ষোভ জানিয়ে ঈশ্বরকে চিঠি লিখে আত্মঘাতী যুবক।
নিজের জীবন নিয়ে হতাশা, স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা আর একরাশ অভিমান, এই সবকিছুর কারণে মর্মান্তিক পরিণতি তেলেঙ্গানার রোহিতের (telengana boy died by suicide)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজন্না সিরসিলা জেলার বাসিন্দা রোহিত এমএসসি পাশ করে বিএড পড়ছিলেন। ছোট থেকেই তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। সেই অপূর্ণতা তাঁকে ভীষণভাবে নাড়া দিয়েছে। দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন রোহিত।
মৃত্যুর পর তাঁর ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি চিঠি। তাতে লেখা, 'হে মহাদেব, তোমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি আমার ভাগ্য এভাবেই লিখলে? তুমি কি তোমার নিজের সন্তানের জন্যও এমনটাই লিখতে? আমি কি তোমার সন্তান নই? (An emotional letter to Lord Shiva)'
চিঠিতে রোহিত আরও লেখেন, 'এভাবে বাঁচার যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার থেকেও বেশি। আমি বহুবার চেষ্টা করেছি, আর পারছি না। হয়তো এটাই আমার নিয়তি।' এক জায়গায় তিনি লেখেন, 'এই জীবনে অনেক ভালো মনের মানুষ পেয়েছি, পবিত্র আত্মাদের সঙ্গে আলাপ হয়েছে। কিন্তু বাকিদের ভুলেই যাওয়া ভালো।'
রোহিতের পরিবারের দাবি, তিনি বহুদিন ধরেই জীবনে কীভাবে এগোবেন, তা নিয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁকে বিষণ্ণতার ছায়া ঘিরে রেখেছিল। ঘটনার পর পুলিশ একটি মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
এদিকে, তেলেঙ্গানাতেই (Telengana Incident) আরেকটি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগেই হায়দরাবাদে ২৭ বছরের এক মহিলার দেহ উদ্ধার করা হয়। মৃতার নাম সুষমা। তিনি সেকেন্দ্রাবাদের বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সুষমা যথারীতি অফিসে গিয়েছিলেন কিন্তু সেদিন রাতে আর বাড়ি ফেরেননি। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।