তবে আসন বণ্টনের থেকেও বড় সিদ্ধান্ত ছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে মতৈক্য। সূত্রের খবর, অবশেষে তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে সম্মত হয়েছে মহাজোটের সব শরিক দল।

তেজস্বীতেই ভরসা
শেষ আপডেট: 14 October 2025 10:04
দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar Election) মহাজোটে অবশেষে মিটল আসন নিয়ে টানাপড়েন। দীর্ঘ আলোচনার পর সূত্রের খবর, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (RJD) রাজ্যের ১৩৫টি আসনে লড়বে, আর কংগ্রেস লড়বে ৬১টি আসনে। ২৪৩ আসনের এই রাজ্যে বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট ও মুকেশ সহনির বিকাশশীল ইনসান পার্টি (VIP)।
বামফ্রন্টের তিন শরিক সিপিআই(এমএল), সিপিআই ও সিপিএম পাবে মোট ২৯ থেকে ৩১টি আসন, আর ভিআইপি পাবে ১৬টি।
তবে আসন বণ্টনের থেকেও বড় সিদ্ধান্ত ছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে মতৈক্য। সূত্রের খবর, অবশেষে তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে সম্মত হয়েছে মহাজোটের সব শরিক দল। এতদিন এই বিষয়ে কংগ্রেস চুপ থাকলেও শেষমেশ তারা রাজি হয়েছে।
কংগ্রেসের প্রথমে দাবি ছিল ৭০টিরও বেশি আসন, যার মধ্যে বেশ কিছু "নিশ্চিত জয়ের আসন" চেয়েছিল তারা। তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদে সমর্থনের বদলে কংগ্রেস আসনের সংখ্যা কিছুটা ছাড় দিয়েছে বলেই সূত্রের খবর।
আলোচনায় নতুন জট তৈরি করেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) ও ইন্ডিয়া ইনক্লুসিভ পার্টি (IIP)-র যোগদান। ঝাড়খণ্ডে আরজেডি-কংগ্রেস সরকারে অংশীদার হওয়ায়, JMM-কে একটি আসন দেবে আরজেডি, আর IIP-কে একটি আসন ছেড়ে দেবে কংগ্রেস, এমনটাই ঠিক হয়েছে।
মুকেশ সহনির ভিআইপি দল প্রথমে ৫০টি আসন ও উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করেছিল, তবে শেষমেশ তা মেনে নেওয়া হয়নি। IIP-কে দেওয়া হচ্ছে সহারসা আসন, যেখানকার তাঁতশিল্পী সম্প্রদায়ের মধ্যে দলের প্রভাব যথেষ্ট বলেই সূত্রে জানা গেছে।
এদিক, রেলের আরও একটি মামলায় সোমবার বড় ধরনের বিপাকে পড়েছেন বিহারের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ( Lalu Prasad Yadav), রাবড়ি দেবী ও তাদের পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। দিল্লির আদালত ওই মামলায় সিবিআই (CBI) এর চার্জশিটে মান্যতা দিয়ে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। এই মামলায় লালুপ্রসাদ ও তাঁর স্ত্রী পুত্রের বিরুদ্ধে অভিযোগ রেলের দু'টি হেরিটেজ হোটেল বেসরকারি হাতে দেওয়াতে বিপুল টাকার নয় ছয় করা হয়েছে। যা যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে মহাজোটে। অন্যদিকে অবস্থান শক্ত হলো বিজেপি সহ এনডিএ শরিকদের।