ভারতের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক কাঠামো নিয়ে তাঁর মন্তব্যে চটে গিয়েছে বিজেপি (BJP)। অভিযোগ, রাহুল বিদেশের মাটিতে ফের দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন।

রাহুল গান্ধী
শেষ আপডেট: 12 October 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: চিলিতে বিশ্ববিদ্যালয়ের (Chile University) ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় ফের বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারতের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক কাঠামো নিয়ে তাঁর মন্তব্যে চটে গিয়েছে বিজেপি (BJP)। অভিযোগ, রাহুল বিদেশের মাটিতে ফের দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন।
ইউনিভার্সিটি অফ চিলির এক অনুষ্ঠানে রাহুল বলেন, “ভারতের শিক্ষা ব্যবস্থায় যে কৌতূহল ও স্বাধীনভাবে ভাবার ক্ষমতা থাকা উচিত, তা আজ বিপদের মুখে। যুক্তি, বিজ্ঞান ও মুক্তচিন্তার যে ধারাটি ছিল, তা বর্তমানে প্রবল আক্রমণের মুখে পড়েছে।”
তিনি আরও বলেন, “ভারতের সামাজিক কাঠামোয় উচ্চবর্ণের আধিপত্য স্পষ্ট। অথচ দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির। তাদের ইতিহাস, ঐতিহ্য ও চিন্তাভাবনা শিক্ষাব্যবস্থায় প্রাপ্য গুরুত্ব পায় না। আমি চাই, আদিবাসী, মধ্য ও নিম্নবর্গের ইতিহাস ও সংস্কৃতি যেন শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়।”
রাহুলের অভিযোগ, গত দশ বছরে ভারতের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর বক্তব্য, “বৈজ্ঞানিক চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ বর্তমান সরকার বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে না।”
বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা পাল্টা আক্রমণ করে বলেন, “রাহুল গান্ধী আসলে বিরোধী দলের নেতা নন, তিনি ‘প্রচারের নেতা’। তিনি বিদেশে গিয়ে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা ও গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন। এটা এখন ওঁর অভ্যাসে পরিণত হয়েছে।”
তিনি আরও কটাক্ষ করে বলেন, “রাহুল বলেন দেশে স্বাধীন চিন্তার জায়গা নেই। কিন্তু কংগ্রেসের মধ্যেই তো কেউ তাঁর বিরোধিতা করলে সহ্য করা হয় না। শশী থারুরের উদাহরণই যথেষ্ট।”
দক্ষিণ আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন রাহুল। চিলিতে তাঁর ওই বক্তৃতার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যার পর থেকেই আবার আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।