প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি ৫১ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন জনপ্রিয় ভোজপুরি গায়ক রিতেশ পাণ্ডে, প্রাক্তন আইপিএস অফিসার আর কে মিশ্র, কর্পূরি ঠাকুরের নাতনি জাগৃতি ঠাকুর প্রমুখ।

প্রশান্ত কিশোর এবং তেজস্বী যাদব
শেষ আপডেট: 11 October 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Election 2025) আগে রাজনৈতিক উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। শনিবার নির্বাচনী ময়দানে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর ওরফে পিকে (Prashant Kishor)। তাঁর ইঙ্গিত, আরজেডি নেতা ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav) ‘অজেয়’ গড়—রাঘোপুর থেকেও তিনি প্রার্থী হতে পারেন। এই ঘোষণার পর থেকেই বিহার রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। কারণ, সত্যিই তেজস্বী বনাম প্রশান্ত কিশোর প্রতিদ্বন্দ্বিতা (Tejashwi Vs Prashant Kishore) হলে তা হয়ে উঠবে বিহার ভোটের সব থেকে হেভিওয়েট লড়াই।
শনিবার রাঘোপুর সফরে যাওয়ার আগে পিকে বলেন, “আমি রাঘোপুর যাচ্ছি। মানুষ কী চান সেটা শুনে বুঝে কাল দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” এরপরই তিনি কড়া ভাষায় তেজস্বীকে হুঁশিয়ারি দেন—“যদি আমি রাঘোপুর থেকে ভোটে দাঁড়াই, তেজস্বী যাদবকে দুটি আসন থেকে লড়তে হবে। আমেঠিতে যেমন পরিণতি হয়েছিল রাহুল গান্ধীর, ঠিক সেই পরিণতি হবে তেজস্বীরও।” পিকে বোঝাতে চেয়েছেন, বহু দশক ধরে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত অমেঠিতে ২০১৯ সালের লোকসভা ভোটে রাহুল গান্ধীকে হারান স্মৃতি ইরানি। সেই পরিণতিই হবে তেজস্বীর।
যাদবদের দুর্গ রাঘোপুর
বিহারের এই আসনটি বহু বছর ধরেই লালু প্রসাদের আরজেডির দখলে। লালু দু’বার এই আসন থেকে জয়ী হয়েছেন। তাঁর স্ত্রী রাবড়ি দেবী তিনবার জিতেছেন রাঘোপুর থেকে। দু’জনেই মুখ্যমন্ত্রী থাকাকালীন রাঘোপুরের প্রতিনিধিত্ব করেছেন। তাঁদের ছেলে তেজস্বী যাদবও ২০১৫ ও ২০২০—এই দুইবার আসনটি থেকে জিতে মুখ্যমন্ত্রীর ডেপুটি ও বিরোধী দলের নেতা হয়েছেন।
এই আসনেই ভোটে লড়ার কথা বলে সরাসরি যাদব পরিবারের রাজনৈতিক ঘাঁটিতে আঘাত হানতে চেয়েছেন পিকে। পর্যবেক্ষকদের মতে, এ হল স্নায়ুর চাপ তৈরি করা। পিকে এবার সেই খেলায় নেমেছেন।
এরই মধ্যে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি ৫১ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন জনপ্রিয় ভোজপুরি গায়ক রিতেশ পাণ্ডে, প্রাক্তন আইপিএস অফিসার আর কে মিশ্র, কর্পূরি ঠাকুরের নাতনি জাগৃতি ঠাকুর প্রমুখ। তালিকায় ১১ জন পিছিয়ে পড়া জাতি, ১৭ জন অতিপিছিয়ে পড়া জাতি, ৯ জন সংখ্যালঘু সম্প্রদায়ের এবং বাকিরা সাধারণ শ্রেণির অন্তর্গত।
বিশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপাচার্য কে সি সিনহা, ভোজপুরি শিল্পী রিতেশ রঞ্জন পাণ্ডে, একাধিক চিকিৎসক—অমিত কুমার দাস, শশী শেঠী শিনা ও লাল বাবু প্রসাদ। আছেন আরসিপি সিংয়ের মেয়ে লতা সিং, আইনজীবী ওয়াই ভি গিরি এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী প্রীতি কিন্নরও।
বিহার বিধানসভা নির্বাচনের ভোট হবে আগামী ৬ ও ১১ নভেম্বর। ভোটগণনা ১৪ নভেম্বর। আর এই নির্বাচনের আগেই রাঘোপুর থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে তেজস্বীর বিরুদ্ধে লড়াইকে আরও উত্তপ্ত করে তুললেন প্রশান্ত কিশোর।